প্রিন্ট এর তারিখঃ জুন ১৫, ২০২৬, ৭:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৯, ২০২৪, ১:২০ অপরাহ্ণ
৬টি আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করছে র্যাব

মোহাম্মদ খোরশেদ হেলালী কক্সবাজার: অবৈধ অস্ত্র কারবারী চক্রের অন্যতম সদস্য খালেক ও দুই সহযোগীকে বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আটক করছে র্যাব। কক্সবাজারের সদর উপজেলার দক্ষিণ ডিকপাড়া থেকে রবিবার ভোরে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া অফিসার) মোঃ কামরুজ্জামান।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে পিএমখালী ইউনিয়নের দক্ষিণ ডিকপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব। এসময় অবৈধ অস্ত্র ব্যবসায়ী আবদুল খালেককে (২৯) গ্রেফতার করে। সে কক্সবাজার পৌরসভার এসএম পাড়ার লোকমান হাকিমের পুত্র। এছাড়া তার সহযোগী মহেশখালী উপজেলার রশিদ মিয়ার পুত্র মোঃ আব্দুল্লাহ আল নোমান (২৫) ও দক্ষিণ ডিকপাড়ার অছিউর রহমানের পুত্র ছুরত আলমকে ((৫৭) গ্রেফতার করে। তাদের কাছে থেকে ৬টি দেশীয় তৈরী এলজি পিস্তল এবং ৭০ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা অস্ত্র কারবারী চক্রের সদস্য। মহেশখালী থেকে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে অস্ত্র এনে কক্সবাজারের বিভিন্ন স্থানে মজুদ করতো এবং পরবর্তীতে এ অস্ত্রগুলো রোহিঙ্গা ক্যাম্পে বিক্রয় করতো। গ্রেফতারকৃতরা চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারী ও অস্ত্র কারবারী চক্রের অন্যতম সদস্য। গ্রেফতারকৃত খালেকের নামে কক্সবাজার সদর মডেল থানায় অস্ত্র, মাদক, নারী ও শিশু নির্যাতন দমন আইন, মারামারি ও ডাকাতির প্রস্তুতিসহ ৮টি মামলা রয়েছে। গ্রেফতারকৃত নোমানের নামে মহেশখালী থানায় অস্ত্র, মাদক, মারামারি ও ডাকাতির প্রস্তুতিসহ মোট ৭টি মামলা রয়েছে এবং গ্রেফতারকৃত ছুরুত আলমের নামে কক্সবাজার সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ১টি মামলা রয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.