প্রিন্ট এর তারিখঃ জুন ২৩, ২০২৬, ৫:১৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৩, ২০২৪, ২:৫৯ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ১৫ পুলিশ হত্যা মামলার আসামী মান্নান ফকির গ্রেফতার

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সরকার পতনে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে সিরাজগঞ্জের এনায়েতপুর থানায় হামলা, অস্ত্র লুট ও ১৫ পুলিশ সদস্য হত্যা মামলার সন্দেহভাজন আসামী হিসেবে ‘যমুনা নদী চরের বালুখেকো’ মান্নান ফকির (৪৮) কে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সোমবার দুপুরে এনায়েতপুর থেকে গ্রেপ্তারের পর সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আওয়ামী লীগের সমর্থক মান্নান ফকির এনায়েতপুরের আজুগড়া গাবেরপাড়ার মৃত সোহরাব আলী ফকিরের ছেলে।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকালে এনায়েতপুর থানার ওসি রওশন ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মান্নান ফকির ৪ আগষ্ট থানায় হামলা ও পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বালুদস্যু হিসেবে পরিচিত মান্নান ফকিরের বিরুদ্ধে মারধর ও বিস্ফোরক আইনে এবং যমুনা নদীর চরাঞ্চলের বালু লুটের অভিযোগে থানায় অন্তত: ৭টি মামলা রয়েছে।
অপরদিকে, একই সময়ে চলা অভিযানে যমুনা নদীতীরের আজুগড়া বাধ এলাকায় অবৈধভাবে জায়গা দখল করে মান্নান ফকিরের গড়ে তোলা “ভাসমান কফি হাউস” এর নির্মানকাজ বন্ধ করে দিয়েছে যৌথবাহিনী। আগামী ২৪ ঘন্টার মধ্যে নদীতীর থেকে সকল অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.