প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৯:০১ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৪, ৭:৫৮ অপরাহ্ণ
কালী মন্দিরের প্রতিমা ভাংচুর __ এসপির ঘটনাস্থল পরিদর্শন,হামলাকারীকে ধরে ফেলায় এক ব্যাক্তিকে পুরস্কার

রবিউল হাসান লায়ন: জামালপুর সদর উপজেলার মহেশপুর কালিবাড়ি বাজারে কালি মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুরের ঘটনায় হামলাকারী জাকির হোসেন বাবু কে গ্রেপ্তারের পর ঘটনাস্থল পরিদর্শন করেন জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
এসময় অভিযুক্ত জাকির হোসেন বাবুকে হাতেনাতে আটক করায় স্হানীয় চান মিয়াকে পুরস্কৃত করেন তিনি। শুক্রবার (১৫ নভেম্বর) সকালে কালি মন্দিরটি পরিদর্শন করেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। পরিদর্শনের সময় পুলিশ সুপার রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার সকালে স্হানীয় জাকির হোসেন বাবু মহেশপুর কালিবাড়ির এই কালি মন্দিরে ঢুকে সবগুলো প্রতিমা ভাংচুর করে। এসময় স্হানীয় চান মিয়া কৌশলে তাঁকে ধরে ফেললে আশপাশের জনতা এগিয়ে আসে। পুলিশ খবর পেয়ে দ্রুত বাবু কে গ্রেপ্তার করে।
এ ঘটনায় মন্দির কমিটির সাধারণ সম্পাদক জীবন বর্মন বাদি হয়ে ধর্মীয় অনুভূতিতে আঘাতের মামলা দায়ের করেন। ইতিমধ্যেই বাবু কে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার বাবু মানসিক ভারসাম্যহীন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুলিশ সুপার রফিকুল ইসলাম বলেন, গ্রেপ্তার বাবু সুস্থ না-কি অসুস্থ তা আমরা জানি না। পুলিশের যা কাজ পুলিশ তা-ই করছে।
কালবেলার প্রশ্নের জবাবে পুলিশ সুপার জানান, অধিকতর তদন্তের প্রয়োজনে গ্রেপ্তার বাবুকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ ৭ দিনের রিমান্ডের আবেদন করেছে। পরিবর্তিত পরিস্থিতিতে এ ঘটনা কোন ষড়যন্ত্র কি-না তা খতিয়ে দেখতে হবে।
কেউ যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সেদিকে সবাইকে সজাগ থাকার আহবান জানান তিনি। পুলিশ সুপার আরও বলেন, ৫ আগষ্টের পর দেশে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা ঘটেছে। সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির জন্য বিভিন্ন দিক নির্দেশনা দিয়েছেন।
যে কোন অঘটন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সজাগ থাকার এবং যেকোনো পরিস্থিতিতে পুলিশকে সহযোগিতার জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানান পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।
উল্লেখ, বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকালে কালি মন্দিরে ঢুকে প্রতিমা ভাংচুরের পর জনতার সহযোগিতায় স্হানীয় চান মিয়া কৌশলে জাকির হোসেন বাবুকে আটক করে পুলিশে খবর দিলে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.