হোম » সারাদেশ » তেঁতুলিয়ায় সিপিবির পথসভায় বাধা, মাইক্রোফোন ও ব্যানার কেড়ে নেওয়ার অভিযোগ

তেঁতুলিয়ায় সিপিবির পথসভায় বাধা, মাইক্রোফোন ও ব্যানার কেড়ে নেওয়ার অভিযোগ

আল মাহমুদ দোলন: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের পথসভায় বাধা প্রদানের অভিযোগ উঠেছে। সিপিবি নেতাদের দাবি, নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দেওয়া একদল যুবক মাইক্রোফোন ও ব্যানার কেড়ে নিয়ে সভাটি পণ্ড করে দেয়। বুধবার দুপুরে তেঁতুলিয়া উপজেলার তেঁতুলতলা এলাকায় এই ঘটনা ঘটে।

সিপিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে শোষণ-বৈষম্যবিরোধী গণতন্ত্র জাগরণ যাত্রায় অংশ নিতে সিপিবির নেতা-কর্মীরা তেঁতুলিয়ায় সমবেত হয়েছিলেন। সভার শেষ পর্যায়ে সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রুহিন হোসেন বক্তব্য দিচ্ছিলেন। এ সময় হঠাৎ কয়েকজন যুবক এসে নেতা-কর্মীদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তারা সিপিবিকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে ব্যানার কেড়ে নিয়ে সভাটি বিঘ্নিত করেন। রুহিন হোসেনের হাত থেকে মাইক্রোফোনও কেড়ে নেওয়া হয়।

ঘটনার বিষয়ে রুহিন হোসেন প্রিন্স বলেন, বক্তব্যের সময় হঠাৎ কয়েকজন যুবক এসে মাইক্রোফোন ও ব্যানার কেড়ে নেন। নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা পরিচয় দিয়ে তর্কাতর্কি শুরু করেন। এতে আমাদের সভা পণ্ড হয়ে যায়।” তিনি আরও জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় আহ্বায়ক হিসেবে পরিচয় দেওয়া যুবকের নাম হযরত আলী। এই বিষয়ে পুলিশ এবং সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহকে অবহিত করা হয়েছে।

সিপিবির পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বলেন, আমরা তাদের বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তারা কোনো কথা শোনেনি। পরে মাইক্রোফোন ও ব্যানার কেড়ে নিয়ে সভায় বাঁধা দেয়। চেয়ারেরও ক্ষতি করেছে তারা।

অন্যদিকে, অভিযুক্ত হযরত আলী বলেন, সভায় ফ্যাসিস্টদের দোসররা উপস্থিত থাকায় স্থানীয় লোকজন বাধা দেন। আমি বিষয়টি মিটমাট করার চেষ্টা করেছি, তবে এখন আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনায়েত কবীর জানান, কিছু যুবক এসে কথাকাটাকাটি ও ছোটখাটো ধাক্কাধাক্কি করে। তবে ঘটনাস্থলে কেউ হযরত আলীর নাম উল্লেখ করেনি।

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!