
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরে কলেজছাত্র সুমন মিয়াকে (১৭) অপহরণের অভিযোগে বাবা-মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে শেরপুর শহর থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। তবে অপহরণের ৭ দিন পরও সন্ধান পাওয়া যায়নি সুমনের।
সুমন শহরের কসবা বারাকপাড়া (নিমতলা) এলাকার কৃষক মো. নজরুল ইসলামের ছেলে ও শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। রোববার রাতে সুমনের বাবা নজরুল ইসলামের দায়ের করা অভিযোগটি সদর থানায় মামলা (এফআইআর) হিসেবে রেকর্ড করা হয়। মামলায় গ্রেপ্তার বাবা-মেয়েসহ ৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, সুমন ও ওই তরুণী শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণিতে পড়েন। ওই তরুণী সম্প্রতি সুমনকে প্রেমের প্রস্তাব দেন। কিন্তু সুমন এতে রাজি না হওয়ায় তিনি ক্ষুব্ধ হন। গত ৪ নভেম্বর সন্ধ্যায় সুমন কলেজ থেকে বাড়ি ফেরার পথে শহরের বাগরাকসা কাজীবাড়ি পুকুরপাড় এলাকায় তরুণীর উপস্থিতিতে আরও ২-৩ জন যুবক জোর করে সুমনকে একটি সিএনজিচালিত অটোরিকশায় উঠিয়ে অপহরণ করে নিয়ে যান।
এ ঘটনায় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন সুমনের বাবা। গত কয়েক দিনেও সুমনের সন্ধান না পেয়ে তার মা-বাবা, স্থানীয় এলাকাবাসী ও সুমনের কয়েকজন সহপাঠী গতকাল দুপুরে পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন। তাঁরা সুমনকে উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
অন্যদিকে স্থানীয় একাধিক সূত্র জানা গেছে, সুমন ও তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। এর মধ্যে অভিযুক্ত তরুণীকে অন্য জায়গায় বিয়ের সিদ্ধান্ত নেয় তার পরিবার। এ নিয়েই অঘটন ঘটতে পারে বলে ধারণা তাঁদের।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুবায়দুল আলম বলেন, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার বাবা-মেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে অপহৃত কলেজছাত্র সুমনকে উদ্ধারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।