
হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: চলছে জলপাইয়ের মৌসুম। এই টক ফলটি দিয়ে মুখরোচক আচার বানিয়ে বছরজুড়ে খেতে পছন্দ করেন অনেকেই। এই মুখরোচক ফলটি বিক্রি হচ্ছে সিরাজগঞ্জের বাগবাটি হাটে। প্রতিদিন সকালে অটোরিকশা, ভ্যান ও পিকআপসহ বিভিন্ন যানবাহনে নিয়ে আসছে বস্তাবোঝাই জলপাই। মাটিতে বিছানো পলিথিনে ঢেলে স্তুপ করেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এখান থেকেই পাইকারী ব্যবসায়ীরা জলপাই কিনে ওজন করে নিয়ে যাচ্ছে গন্তব্যে।
স্থানীয় জলপাইয়ের ক্ষুদ্র ব্যবসায়ী আমজাদ শেখ বলেন, সপ্তাহে রবি ও বৃহস্পতিবার বাগবাটিতে নিয়মিত হাট বসে। কিন্তু মৌসুম শুরু হওয়ায় প্রতিদিনই বসে জলপাইয়ের হাট। এ বছর বৃষ্টি বেশি হওয়ায় ফলন একটু কম হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।
আরেক ব্যবসায়ী শফিকুল ইসলাম বলেন, জলপাই গাছে মুকুল আসার পরই মালিকদের গাছ থেকে পাইকারী ব্যবসায়ীরা গাছ ক্রয় করেন। আকার ভেদে প্রতিটি গাছে ১০ থেকে ১৫ মণ পর্যন্ত জলপাই ধরে। পাইকারি দরে প্রতি মণ কেনা হয় ৭০০ টাকা থেকে ৮০০ টাকা। এই জলপাই বাজারে প্রতি মন ১ হাজার থেকে ১২০০ টাকায় বিক্রি হয়। প্রতিদিন এই হাটে সাড়ে ৩ থেকে ৪ লাখ টাকার জলপাই বেচাকেনা হয়।
সিরাজগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ার সাদাত জানান, আশ্বিন, কার্তিক ও অগ্রহায়ণ এই তিন মাস জলপাইয়ের মৌসুম। নানা পুষ্টিগুণে সমৃদ্ধ টক জাতীয় এই ফল সরাসরি খাওয়া গেলেও আচার হিসেবেই বেশি জনপ্রিয়।
তিনি আরো বলেন, জেলায় ফলটির উৎপাদন বাড়াতে কৃষি বিভাগ থেকে কৃষকদের বিভিন্ন পরামর্শ দেওয়া হয়। এ বছর শুধুমাত্র সদর উপজেলাতেই ৫০ হেক্টর জমিতে জলপাইয়ের আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১০ মেট্রিক টন।