
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধিঃ সার্জিক্যাল ইন্সট্রুমেন্ট নেই, বিশেষজ্ঞ ডাক্তার নেই, অনুমোদনহীন মাতৃছায়া হাসপাতালে সিজার করতে গিয়ে মা ও নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়াগেছে। জামালপুরের সরিষাবাড়ীর অনুমতিহীন বেসরকারি মাতৃছায়া নামক হাসপাতালে গত ৮ নভেম্বর এ ঘটনা ঘটেছে। ঘটনা ধামাচাপা দিতে ভুল সিজারে মৃত্যু বরণ করা মা ও নবজাতকের লাশ তড়িঘড়ি করে দাফন সম্পন্ন করা হয়েছে বলে জানাগেছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রেজানা যায়, সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন মেইন রোড়ের পশ্চিম পাশে অবস্থিত নজরুল ইসলাম তারা প্রতিষ্ঠিত সরকারী অনুমোদনহীন বেসরকারি মাতৃছায়া হাসপাতালে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় গর্ভবতী নারী আল্পনা আক্তার (২২)কে ভর্তি এবং অপারেশন করা হয়। অপারেশন কালে নবজাতকের মৃত্যু ঘটে। এর কিছুক্ষণ পর প্রসূতির অবস্থাও অবনতি হলে ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে তিনিও মারা যান।
মৃত্যুবরণকারী আল্পনা আক্তারের শ্বশুর আব্দুল মান্নান মন্ডল অভিযোগ করে বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে পৌরসভার মূলবাড়ি গ্রামের দিনমজুর শ্রমিক উজ্জ্বলের স্ত্রী এক সন্তানের জননী আল্পনা দ্বিতীয়বারের মতো সন্তানসম্ভবার প্রসবব্যথা উঠলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সিজারের সুবিধা না থাকার সুযোগে কম খরচে সিজার করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে শাবনুর নামে এক দালাল রোগী ও তার স্বামীকে সঙ্গে করে মাতৃছায়া হাসপাতালে নিয়ে ভর্তি করে।
রাতেই হাসপাতাল কর্তৃপক্ষ পার্শ্ববর্তী ধনবাড়ি থেকে একজন গাইনি সার্জন এনে কোনো ধরনের পরীক্ষা-নিরীক্ষা ও অ্যানেস্থেশিয়া বিশেষজ্ঞ ছাড়াই একই ব্যক্তি অজ্ঞান এবং অপারেশন সম্পন্ন করেন। অপারেশনকালে নবজাতকের মৃত্যু হয় এবং ময়মনসিংহ হাসপাতালে নেয়ার সময় প্রসূতির মৃত্যু ঘটে। ঘটনা ধামাচাপা দিতে আল্পনা আক্তারের পরিবারকে ম্যানেজ করতে রাতেই জরিমানা হিসেবে ব্যাংকের একটি চেক তুলে দিয়েছে হাসপাতালের মালিক তারা মিয়া। শুক্রবার সকালে তড়িঘড়ি করে মুলবাড়ী পৌর গোরস্থানে মা ও নবজাতকের দাফন সম্পন্ন করা হয় বলে জানাগেছে।
সিজারিয়ান অপারেশনকারী গাইনি সার্জনের নাম- পরিচয় জানাতে রাজী হননি হাসপাতাল কর্তৃপক্ষ। স্থানীয় প্রশাসনের নাকের ডগায় সরকারি কোনো অনুমোদনহীন মাতৃছায়া হাসপাতালে অবৈধভাবে অপারেশন থিয়েটারসহ নানা ধরনের কার্যক্রম পরিচালনা করছে। সব কিছু জেনেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্বিকার। অভিযোগ প্রসঙ্গে জানতে সরিষাবাড়ী মাতৃছায়া হাসপাতালের সত্ত¡াধিকারী নজরুল ইসলাম তারা বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, এখানে তেমন কোনো অপারেশনই হয় না। হলেও হঠাৎ-মটাৎ।
এব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতা ডা. শফিকুল ইসলামের কাছে মোবাইল ফোনে তিনি বলেন, সরিষাবাড়ীতে একটি প্রাইভেট হাসপাতালের পূর্ণাঙ্গ অনুমোদন রয়েছে। আর একটির লাইসেন্স নবায়নের জন্য কাগজপত্র জমা দিয়েছে। কিন্তু মাতৃছায়া হাসপাতালের লাইসেন্স বা অপারেশনের কোনো অনুমোদন নেই। অননুমোদিত অপারেশন কিংবা অবহেলাজনিত কারণে রোগীর মৃত্যুর ঘটনা ঘটলে তা খতিয়ে দেখা হবে।