
গাইবান্ধায় রড ও সিমেন্ট ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে না পেয়ে প্রতিষ্ঠান ও বাড়িতে হামলা চালিয়ে লুটপাট করেছে দুর্বৃত্তরা। রোববার গাইবান্ধা প্রেসক্লাবে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের হাসেম বাজার এলাকার ওই ব্যবসায়ীর পিতা আলিম উদ্দিন ওরফে আলম সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়, খোলাহাটি ইউনিয়নের কুড়ারবাতা গ্রামের মাসুদ হোসেনের ছেলে মাসুম মিয়া, গোলান হোসেনের ছেলে ইকবাল বাহার গত ২৩ অক্টোবর আরিফুল ইসলামের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।
এই চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদের ২০/২২ জনের একটি সহযোগী দুস্কৃতিকারীরা ব্যবসা প্রতিষ্ঠানটিতে ব্যাপক হামলা চালায়। এতে বাধা দিতে গেলে আরিফুল ইসলামকে এলোপাথারি মারপিট করে এবং সে গুরুতর আহত হয়। এসময় আরিফুল কোনভাবে পালিয়ে নিজেকে আত্মরক্ষা করে। পরে হামলাকারীরা ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর করে ড্রয়ারে থাকা ২ লাখ টাকা বের করে নেয়। এরপর দুর্বৃত্তরা দোকানে থাকা ল্যাপটপ, পিসি, প্রিন্টার, লেমিনেটিং মেশিন, ফ্যান নিয়ে চলে যায় এবং দোকান সংলগ্ন আরিফুলের বাড়িতেও হামলা চালিয়ে আলমারী ভেঙে ১০ ভরি স্বর্ণ, নগদ টাকা ও সেলাই মেশিন নিয়ে যায়। শুধু তাই নয়, ওইদিন রাতে ২০/২২ জনের একদল দুর্বৃত্ত দোকানের সাটার কেটে ১ হাজার কেজি রড, ৩০০ বস্তা সিমেন্ট, কয়েকটি গ্যাস সিলিন্ডার বের করে নেয়। এছাড়াও আরিফুলের বাড়ির পার্শ্ববর্তী মুরগীর খামার থেকে ২ হাজার সোনালী মুরগী লুটপাট করে যাওয়ার সময় আসামিরা হত্যা সহ নানা ভয়ভীতি প্রদর্শন করে। ফলে আরিফুল ইসলাম পরিবার-পরিজন নিয়ে বাড়ি থেকে পালিয়ে বেড়াচ্ছে।
এই সংবাদ সম্মেলনের মাধ্যমে গাইবান্ধা জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের নিকট আসামিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন মোঃ আলিম উদ্দিন ও তার পরিবার।
-গাইবান্ধা প্রতিনিধি-

আরও পড়ুন
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান
দশ মাসের আত্মগোপনের অবসান: র্যাবের অভিযানে ধরা মমিনুল হত্যা মামলার আসামি