
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির কোনারপাড়া সীমান্তে পরিত্যক্ত অবস্থায় এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের (বিজিবি) সদস্যরা।
বুধবার (৩০ অক্টোবর) ভোরে এক অভিযান চালিয়ে এসব আইস ও ইয়াবা উদ্ধার করা হয়। তবে অভিযানকালে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
কক্সবাজারস্থ ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকী এই তথ্য জানিয়েছেন।
তিনি জানান, নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের কোনারপাড়া সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি চালান পাচারের খবর পায় বিজিবি। এই খবর পেয়ে বিজিবির একটি দল অভিযান চালায়। এক পর্যায়ে মিয়ানমার দিক থেকে ২ জনকে লোককে আসতে দেখে বিজিবির সদস্যরা থামার জন্য নির্দেশ দেন। এতে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে লোকগুলো সাথে থাকা ছোট একটি বস্তা পেলে অন্ধকারে পালিয়ে যায়।
পরে ঘটনাস্থল তল্লাশী করে ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করা হয়। বস্তাটি খুলে পাওয়া যায় এককেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৫০ হাজার ইয়াবা। এসব মাদকের আনুমানিক মূল্য ছয় কোটি টাকার বেশি বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
--মোহাম্মদ খোরশেদ হেলালী-