
গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে অফিস সহায়ক পদে নিয়োগের মৌখিক (ভাইভা) পরীক্ষায় অংশ নেয়া ২২ জনকে আটক করা হয়েছে। পরে আটকদের পুলিশে দিলে তাদের থানায় নেয়া হয়।
চাকরি প্রত্যাশী আটকদের বাড়ি গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলায়। গত ২৬ অক্টোবর শনিবার রাতে জেলা প্রশাসক কার্যালয়ে মৌখিক পরীক্ষা চলাকালে তাদের আটক করে নিয়োগ বোর্ডের সদস্যরা।
দুপুর ২ টা থেকে ২২৬ জনের মৌখিক পরীক্ষা শুরু হয়। তবে শেষ পর্যন্ত ৩৬ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেয়নি। বিষয়টি নিশ্চিত করে নিয়োগ বোর্ডের সদস্য ও স্থানীয় সরকার বিভাগ গাইবান্ধার উপপরিচালক মোঃ শরিফুল ইসলাম জানান মৌখিক পরীক্ষায় অংশ নেয়া ২২ জনের লিখিত পরীক্ষার খাতায় লেখার সাথে মিল পাওয়া যায়নি। বোর্ডের সামনে তারা স্বীকার করেছেন তাদের পরিবর্তে প্রক্সি ক্যান্ডিডেট পরীক্ষায় অংশগ্রহণ করেন।
প্রকৃত পরীক্ষার্থীর পরিবর্তে অন্য কেউ পরীক্ষায় অংশগ্রহণ করেছে, বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। সেজন্য তাদেরকে পুলিশে দেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে নিয়োগ পরীক্ষায় জালিয়াতির পিছনে বড় কোন সিন্ডিকেট জড়িত রয়েছে।
এর আগে গত শুক্রবার জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় ৩২ হাজার ৭২২ জন প্রার্থী অংশগ্রহণ করেন। পরীক্ষার ফলাফলে ২২৬ জন প্রার্থী উত্তীর্ণ হন। চলতি বছরের গত ২৫ মে জেলা প্রশাসক কার্যালয়ের রাজস্ব শাখার অফিস সহায়ক ৫৫টি শুন্য পদ পূরণের নিমিত্তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে সাবেক জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল। এতে এইচএসসি ও এসএসসি পাশ করা চাকরি প্রত্যাশীরা আবেদন করেন।
-শাহজাহান সিরাজ-