হোম » সারাদেশ » ট্রেনে কাটা পড়ে পঞ্চগড়ে নবম শ্রেণীর ছাত্র নিহত

ট্রেনে কাটা পড়ে পঞ্চগড়ে নবম শ্রেণীর ছাত্র নিহত

পঞ্চগড় জেলার সদর উপজেলার মাগুরা ইউনিয়নের বড় ব্রিজ এলাকায় রোববার (২৭ অক্টোবর) সকালে একটি মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় অন্তর রায় বর্মন (১৫) নামে নবম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত অন্তর একই ইউনিয়নের ধ্বনিপাড়া গ্রামের বাসিন্দা বিরেন চন্দ্র রায়ের ছেলে। সে পঞ্চগড় করতোয়া কালেক্টর আদর্শ শিক্ষা নিকেতন স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে কাঞ্চন কমিউটার ট্রেনটি পঞ্চগড়ে যাওয়ার পথে এই দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি পার হওয়ার সময় এক বিকট শব্দ শোনা যায়। শব্দের উৎস খুঁজতে গিয়ে স্থানীয়রা একটি সাইকেল এবং স্কুলের পোশাক পরিহিত এক কিশোরকে রেল লাইনের পাশে পড়ে থাকতে দেখে। এরপর দ্রুত ঘটনাস্থলে পুলিশ এবং ইউনিয়ন পরিষদের কর্মকর্তাদের খবর দেওয়া হয়।

মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় গণমাধ্যমকে জানান, ঘটনাস্থলের আশপাশের লোকজন অন্তরকে পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যান। সাইকেলটি পড়ে থাকা অবস্থায়ই মিলছিল। এ বিষয়ে চেয়ারম্যান আরও জানান, স্থানীয়রা নিহত অন্তরের পরিবারকে খবর দিলে তারা দ্রুত সেখানে ছুটে আসেন।

নিহত অন্তরের পরিবার জানায়, সকালেই সে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিল। তবে সে কোথায় যাচ্ছিল এবং কীভাবে এ দুর্ঘটনাটি ঘটল, সে বিষয়ে কেউ নিশ্চিত নয়।

পঞ্চগড় বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মাসুদ পারভেজ বলেন, “কাঞ্চন কমিউটার ট্রেনটি পঞ্চগড়ে আসার পথে এই দুর্ঘটনাটি ঘটে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখছি।”

-আল মাহমুদ দোলন-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!