
গবাধি পশুর খাদ্য তৈরীর নামে জামালপুরে ক্ষেত থেকে কাঁচা ধান কেটে নিচ্ছে একটি সিন্ডিকেট। প্রান্তিক কৃষকদের টাকার লোভ দেখিয়ে কাটা হচ্ছে এসব ধান।
এসব কাঁচা ধান কেটে নেওয়ায় দেশে খাদ্য সংকট তৈরীর আশংকা রয়েছে বলে জানান স্থানীয়রা। খবর জানার পর ধান কাটা বন্ধ করে দিয়েছে বলে দাবি কৃষি বিভাগের।
আর মাত্র কয়েকদিন পরেই রোপা-আমন মৌসুমের সোনালী ধানে ভরে উঠতো কৃষকের গোলা। তবে টাকার লোভ দেখিয়ে কৃষকের সেই স্বপ্নকে শেষ করে দেওয়া হচ্ছে। নিজের খামারের জন্য গো-খাদ্য তৈরীর নামে জামালপুর সদরের শাহবাজপুর এলাকায় বিঘা প্রতি ৩৮ হাজার টাকা করে দিয়ে কৃষকদের কাছ থেকে কিনে নেওয়া হচ্ছে জমির কাঁচা ধান।
শাহবাজপুরের চন্দের মোড় এলাকায় সরজমিনে গিয়ে দেখা যায়, এক কৃষকের জমিতে কাঁচা ধান কাটছে বেতনভুক্ত শ্রমিকরা। পরে ক্ষেতে বসানো কাটার মেশিনে কুচি কুচি করে কাটা হচ্ছে কাঁচা ধানসহ গাছ। এরপর এই ধান ও খড়ের কুঁচিতে মেশানো হচ্ছে চিটা গুড়। সবশেষে ওজন করে তৈরী হচ্ছে সাইলেজের বস্তা।
নাম প্রকাশে অনিচ্ছুক প্রান্তিক এক কৃষক জানান, লোভে পড়ে আমি ক্ষেতের কাঁচা ধান বিক্রি করে দিয়েছিলাম। পরে যখন বুঝতে পারি তখন আমি তাদের টাকা ফেরত দিয়েছি।
স্থানীয় কৃষকরা বলেন, দেশের প্রধান খাদ্য শস্য হলো ধান। বর্তমানে দেশে খাদ্য সংকট তৈরীর জন্য একটি সিন্ডিকেট পশু খাদ্য তৈরীর নাম করে চড়া দামে জমির কাঁচা ধান কিনে নিচ্ছে।
তারা আরও বলেন, সিন্ডিকেটের সদস্যরা যে হারে কাঁচাধান কিনে নিচ্ছে তাতে আমরা কৃষকরা সামনের দিন গুলোতে বড় ধরনের বিপদে পড়ে যাবো। এসময় যে বা যারা এসব সিন্ডিকেটের সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন তারা।
সদর উপজেলা উপসহকারি কৃষি কর্মকর্তা সোহেল রানা জানান, স্থানীয় কৃষকরা কৃষি অফিসে জানানোর পর আমি ঘটনাস্থলে গিয়ে জমিতে কাঁচাধান কাটতে দেখি এবং তাদের ধান কাটতে নিষেধ করি।
সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. এমদাদুল হক বলেন, কাঁচা ধান ও ধানগাছ দিয়ে সাইলেজ তৈরী দেশের খাদ্য ব্যবস্থার জন্য হুমকিসরুপ। সম্প্রতি বন্যায় সারাদেশের ন্যায় ময়মনসিংহ অঞ্চলের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এ জেলায় খাদ্য সংকট রোধে কৃষি দপ্তর ও প্রাণি সম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে সাইলেজ তৈরীর কাজ বন্ধ করা হয়েছে।
-রবিউল হাসান লায়ন-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল