
মদ পান করে মসজিদের জানালার কাচ ভেঙ্গে ফেলায় মাইকে ঘোষণা দিয়ে আওয়ামী লীগের ক্যাডার নামধারী জাহিদুল ইসলামের বসত বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করেছে গ্রামবাসী ও সাধারণ মুসল্লীরা। গত শনিবার ১৯ অক্টোবর রাত আনুমানিক সাড়ে আটটার দিকে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ড মনোহরপুর পশ্চিম পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।
জানাগেছে, গত ১৩ই অক্টোবর শুক্রবার গ্রামে সাইদার নামে এক ব্যক্তির ছেলের বিয়ের অনুষ্ঠান চলছিল। সে সময় খুবই জোরেশোরে উচ্চ ভলিয়মে সাউন্ড বক্স দিয়ে গান বাজনা চলছিল। এতে নামাজ আদায় করতে সমস্যা হলে স্থানীয় মসজিদের সভাপতি সেরাজুল ইসলাম সরদার সাউন্ড বক্স বন্ধ করতে বলেন।
তখন সাইদার কথা না শুনলে সমাজের লোকজন ওই গ্রামের মুসুল্লিরা তাকে মসজিদে যেতে নিষেধ করে। বিষয়টি সাইদার তার বন্ধু জাহিদুল (৩৫) কে বললে সে বিরোধিতা করে গত শনিবার বিকেলে মসজিদ কমিটির সভাপতি ও সদস্যদের অস্ত্র নিয়ে আঘাত করতে যান। তখন ওই সময় মসজিদের আশেপাশে কাউকে না পেয়ে পরে ওইদিন সন্ধ্যায় উক্ত জাহিদুল মদ পান করে মসজিদের একটি জানালার কাচ ভেঙ্গে ফেলে।
এতে ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগায় সেই গ্রামের মুসুল্লী ও মসজিদ কমিটির সদস্যরা মাইকে জাহিদুলের ঘরবাড়িতে আগুন দেয়ার ঘোষণা দেয়। পরে আশেপাশের এলাকা থেকে মুহূর্তের মধ্যে শত শত মানুষ একত্রিত হয়ে জাহিদুলের বাড়িতে আগুন দেয় তারা। এসময় ঘরে থাকা দুটি মোটরসাইকেল টিভি ফ্রিজ ধান মাড়াই করার মেশিন সহ মূল্যবান আসবাবপত্র নগদ অর্থ পুড়ে যায়।
এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় সেনাবাহিনীর সদস্য ও পুলিশ ঘটনাস্থল থেকে জাহিদুল ইসলামকে উদ্ধার করে তাদের হেফাজতে নেয়। স্থানীয়রা বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতায় থাকা কালীন সময়ে সে আওয়ামী লীগের পরিচয় দিয়ে দাপট দেখাত। এখন সুদের মহাজনি করে চলে সে। স্থানীয় বেশ কয়েকজন মুসল্লী আরো বলেন, মসজিদের জানালায় ভাঙচুর করে ধর্মীয় স্থানে আঘাত করেছে সে। তার উপযুক্ত শাস্তি হওয়া দরকার। এজন্য সাধারন মুসুল্লী ও গ্রামের মানুষ তার বাড়ি ঘরে আগুন দেয় এবং ভাঙচুর করে।
অপরদিকে জাহিদুলের ভাই আজাদুল বলেন, আমার ছোট ভাই কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত ছিল না। আর যারা ঘর বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ ও লুটপাট করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন তিনি।
এ বিষয়ে পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ জুলফিকার আলী ভুট্টু বলেন, এই ঘটনায় মসজিদ কমিটির সভাপতি সেরাজুল ইসলাম সরদার জাহিদুল এর বিরুদ্ধে মসজিদ ভাঙচুর ও অস্ত্র আইনে একটি মামলা করেন। আসামিকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে।
-শাহজাহান সিরাজ-