
সাতক্ষীরায় বিশ্ব বসতি দিবস উপলক্ষে প্রান্তিক মানুষের আবাসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ অক্টোবর) সকালে সাতক্ষীরা শহরের নবারুন স্কুল মোড়ে গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইন্ডিজেনাস নলেজ (বারসিক) এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, সাতক্ষীরাকে সরকারিভাবে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করা হলেও এখনো অসংখ্য মানুষের বাসস্থানের মৌলিক চাহিদা পূরণ হয়নি। অনেকেই রাস্তার পাশে, খোলা মাঠে বা নদীর বেড়িবাঁধে পলিথিন টানিয়ে বসবাস করছেন। আবার যেসব জায়গায় আবাসন প্রকল্প গ্রহণ করা হয়েছে সেগুলোও খুবই অপরিকল্পিত। একইভাবে দূষণ ও অপরিকল্পিত অবকাঠামো শহরকে বসবাসের অযোগ্য করে তুলছে। জলাবদ্ধতায় মানবিক বিপর্যয় দেখা দিয়েছে সাতক্ষীরা শহর ও এর আশপাশের এলাকায়। বক্তারা সাতক্ষীরার প্রান্তিক মানুষের আবাসন নিশ্চিতের পাশাপাশি পরিকল্পিত ও বাসযোগ্য নগর গড়ে তোলার আহবান।
এসময় বক্তব্য রাখেন, নাগরিক নেতা আলী নূর খান বাবুল, মানবাধিকার কর্মী মাধব চন্দ্র দত্ত, জাসদ নেতা ইদ্রিস আলী, উদীচীর সিদ্দীকুর রহমান, সাংবাদিক আহসান রাজীব, বারসিকের সহযোগী কর্মসূচি কর্মকর্তা গাজী মাহিদা মিজান, যুব সংগঠক জাহাঙ্গীর আলম, শিক্ষা সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সভাপতি আব্দুর রহমান প্রমুখ।
-মোঃ মনিরুজ্জামান-

আরও পড়ুন
বাঘায় পৌর প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের ৪ লাখ টাকা ঘুষ দাবির লিখিত অভিযোগ, অফিসে উত্তেজনা
বগুড়া শাজাহানপুরে ধর্ষণ মামলার পলাতক কিশোর গ্রেপ্তার
সিরাজগঞ্জে কিশোর গ্যাংয়ের প্রধান বাবু মিয়া ও রিজভীকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা