হোম » সারাদেশ » বাবু হত্যার পূনঃতদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে সরিষাবাড়ী বিএনপি

বাবু হত্যার পূনঃতদন্ত ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে সরিষাবাড়ী বিএনপি

পোগলদিঘা ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি হাইদর আলী বাবু হত্যার পূনঃতদন্ত ও বিচারের দাবিতে জামালপুরের সরিষাবাড়ী উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মানববন্ধন করেছে। গত বৃহস্পতিবার বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের বয়ড়া বাজার এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানাগেছে, গত ২০০৬ ইং সালে পোগলদিঘা ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি হাইদর আলী বাবুকে স্থানীয় নৃশংসভাবে হত্যা করে স্থানীয় আওয়ামী সন্ত্রাসীরা। এ ঘটনায় আওয়ামী নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান সামস উদ্দিন সামসকে প্রধান আসামি করে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করেন নিহতের স্ত্রী দিলরুবা ময়না।

এরপর আওয়ামী লীগের দলীয় প্রভাব খাটিয়ে হত্যা মামলা খারিজ করানো হয়। ন্যায় বিচার থেকে বঞ্চিত হয় বাবুর পরিবার। বর্তমানে আইনের শাসন প্রতিষ্ঠিত হওয়ায় বিএনপি নেতা হাইদর আলী বাবু হত্যা মামলার পুনঃতদন্ত করে হত্যাকারিদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মামুনুর রশীদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রঞ্জু, উপজেলা শ্রমিক দলের আহবায়ক মনিরুজ্জামান আদম, উপজেলা কৃষক দলের আহবায়ক আব্দুল মজিদ, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম লিটন, পোগলদিঘা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি পিয়াস সরকার, নিহত বাবুর ছোট ভাই সরকার সোহেল, ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি লিটন তালুকদার প্রমুখ।

ঘন্টাব্যাপী মানববন্ধনে বিএনপি অঙ্গ ও সহযোগীসংগঠন এবং এলাকাবাসীসহ প্রায় ৫ শতাধিক মানুষ এতে অংশ নেয়।

-সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!