
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলাধীন ডলুরায় চলতি নদীতে বিজিবির টাস্কফোর্স অভিযানে প্রায় দুই কোটি টাকা মূল্যের জব্দকৃত অবৈধ্য মালামাল কঠোর নিরাপত্তায় সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
জানা যায়, বুধবার (২ অক্টোবর) দুপুরে ডলুরা চলতি নদীর আস্তানাঘাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৯ হাজার ৫৭০ ঘনফুট বালুসহ ৮টি বড় স্টিল বডির নৌকা, ৮টি মাঝারি স্টিল বডির নৌকা এবং একটি কাঠ বডির নৌকা। ওইদিন টাস্কফোর্স অভিযান পরিচালনায় ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. মফিজুর রহমান, ডুলুরা বিওপির নায়েব সুবেদার ঈশ্বর চন্দ্র পন্ডিত, বিশ্বম্ভরপুর থানার এসআই মো. নবী হোসেনসহ টাস্কফোর্সের ৩৩ জন আইনশৃঙ্খলাবাহিনীর সদস্য। এসব জব্দকৃত অবৈধ মালামাল বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেলে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
এ বিষয়ে সুনামগঞ্জ ২৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্ণেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, ডুলুরা এবং লাউড়েরগড় বিওপির অধীনে ধোপাযান চলতি নদী এবং যাদুকাটা নদীতে কিছু সংখ্যক অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ড্রেজার ও বোমা মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করার ফলে নদীর পাড় ভেঙে পরিবেশ নষ্ট হচ্ছে ও প্রাকৃতিক ভারসাম্য হারাচ্ছে। এজন্য সিভিল প্রশাসনের সাথে সমন্বয় করে গতকাল ডলুরা এলাকায় টাস্কফোর্স পরিচালনা করে প্রায় দুই কোটি টাকার অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। এসব জব্দকৃত মালামাল বিজিবি’র কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আজকে সুনামগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
-আশিস রহমান-

আরও পড়ুন
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ঠিকাদারের কাছ থেকে ৪ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত পরিবারে আর্থিক সহযোগিতা প্রদান