
টাঙ্গাইলের মধুপুর উপজেলার পিরোজপুর মধ্যপাড়া গ্রামে গাছের সাথে ঝুলে থাকা অবস্থায় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে মধুপুর থানা পুলিশ। মৃত ব্যক্তি উপজেলার কুড়াগাছা ইউনিয়নের পিরোজপুর মধ্যপাড়া গ্রামের মৃত সিরাজ আলী শেখের ছেলে জহর আলী (৬৫)।
ঘটনা ও মামলার বিবরণীতে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মৃত জহর আলী বাড়ি থেকে বের হয়ে তার নাতি কাওছারের জন্য পিরোজপুর জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় ভাত নিয়ে যান। ভাত দিয়ে সেখান থেকে আর বাড়ি না ফিরলে ওই দিন রাত হতেই আত্মীয়স্বজনসহ পরিচিত ও অপরিচিত নানাজনের কাছে খুঁজ নিয়েও তার সন্ধান পাওয়া যায়নি। সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে পার্শ্ববর্তী আনসার আলীর পুকুরপাড়ের খাড়াজোড়া গাছের সাথে তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।
মৃতের বড় ছেলে জাকারিয়া জানান, গত ২৮ তারিখ বাবা তার নাতির জন্য সন্ধ্যায় পিরোজপুর মাদ্রাসায় ভাত নিয়ে যান। সেখানে ভাত দিয়ে আর ফিরে আসেননি। তিনি শারীরিক বিভিন্ন রোগসহ মানসিক বিকারগস্ত ছিলেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন তা বুঝতে পারছি না।
এ বিষয়ে মধুপুর থানার পরিদর্শক (তদন্ত) রাসেল আহমেদ জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি থানায় নিয়ে এসেছি। তার মাথার পেছন দিক থেকে ঝুলে থাকার বিষয়টি দেখে সন্দেহের সৃষ্টি হচ্ছে। ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হবে। ময়নাতদন্ত হলেই এটি হত্যা না আত্মহত্যা তা জানা যাবে।
এ বিষয়ে ভিকটিমের ছেলে জাকারিয়া বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেছেন।
-আঃ হামিদ-

আরও পড়ুন
মেজর হাফিজ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
মাদক, চুরি-ছিনতাই ও অনলাইন জুয়া প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বুলবুল, বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান