
গত জুলাই-আগস্ট মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পঞ্চগড়ের ৫ জনের পরিবারকে সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। শুক্রবার জেলা প্রশাসক সাবেত আলী শহীদদের বাড়ি গিয়ে তাদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেছেন এবং সরকারি পক্ষ থেকে নগদ অর্থ ও উপহার তুলে দিয়েছেন।
নিহতদের মধ্যে রয়েছেন ৫ আগস্ট সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের কীর্তি্নিয়া গ্রামের রবিউল ইসলামের ছেলে সাগর রহমান, ১৯ জুলাই বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের নতুন বস্তি গ্রামের আব্দুল খালেকের ছেলে আবু সাঈদ, ৫ আগস্ট সাকোয়া ইউনিয়নের আমিন নগর গ্রামের হামিদ আলীর ছেলে সুমন ইসলাম, ৪ আগস্ট দেবীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মেলাপাড়া গ্রামের আজহারের ছেলে শাহাবুল ইসলাম পুলিশের গুলিতে ঘটনাস্থলে এবং ভাউলাগঞ্জ ইউনিয়নের টোকরাভাষা গ্রামের আজহার আলীর ছেলে সাজু ইসলাম চিকিৎসাধীন অবস্থায় ১২ আগস্ট মৃত্যুবরণ করে, তারা সবাই পুলিশের গুলিতে নিহত হন।
জেলা প্রশাসক সাবেত আলী শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার বিষয়ে জেনেছেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন। তিনি শহীদদের আত্মার শান্তি কামনা করেছেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এই সহায়তা কর্মসূচিতে অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ, সদর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, দেবীগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার, বোদা উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নাজির, সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সমন্বয়ক ফজলে রাব্বি উপস্থিত ছিলেন।
-আল মাহমুদ দোলন-