
পঞ্চগড় জেলা শহরে পাগলা কুকুরের কামড়ে অন্তত ১৩ জন আহত হয়েছেন। গতকাল বুধবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টার পর থেকে শহরের বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের একজন সিনিয়র স্টাফ নার্সও রয়েছেন।
আহতরা সবাই জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং প্রাথমিকভাবে ভ্যাকসিন পেয়েছেন। সরেজমিনে দেখা গেছে, অধিকাংশ মানুষই পায়ে কামড়ের শিকার হয়েছেন। আহতদের মধ্যে নার্স, দোকানি এবং পথচারী রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের মতে, কয়েকটি কুকুর রাস্তায় ঘুরে বেড়াচ্ছিল, এর মধ্যে একটি পাগলা কুকুর আচমকা মানুষের ওপর আক্রমণ চালায়।
এ বিষয়ে পঞ্চগড় পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মো. আব্দুল কাদের জানান, ভুক্তভোগীদের বর্ণনা মতে, কয়েকটি কুকুর রাস্তায় ঘুরে বেড়িয়ে মানুষকে আক্রমণ করছে। এখন পর্যন্ত ১৩ জন এই পাগলা কুকুরের আক্রমণে আহত হয়েছেন। কুকুর টি শনাক্ত করে ব্যবস্থা না নিলে আরও অনেকে আক্রান্ত হতে পারেন।
পৌরসভা থেকে কুকুর ধরার জন্য কয়েকটি দল মোতায়েন করা হয়েছে। তারা শহরের বিভিন্ন এলাকায় কুকুরটির সন্ধান করছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে।
-আল মাহমুদ দোলন-