
পঞ্চগড়ের বোদা উপজেলার ৭ নং চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম প্রধানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে ইউনিয়ন পরিষদ চত্বরে থেকে মিছিলটি বের হয়, যা বোদা-দেবীগঞ্জ মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। মিছিলে অংশ নেয় ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এবং স্থানীয় জনগণ। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে বক্তব্য রাখেন যুবদল নেতা বিপ্লব এবং স্থানীয় নেতা ইদ্রীস আলীসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম প্রধানের বিরুদ্ধে নারী নিপীড়ন, ঘুষ গ্রহণ, দুর্নীতি এবং নিয়োগ বাণিজ্যের অভিযোগ রয়েছে। তারা তাকে স্বৈরশাসক শেখ হাসিনার সরকারের সহযোগী হিসেবে উল্লেখ করে বলেন, তিনি ইউনিয়নের জনগণকে সেবা না দিয়ে জনগণের মাল আত্মসাৎ করছেন। বক্তারা নজরুল ইসলামের পদত্যাগ এবং আইনের আওতায় এনে বিচারের দাবি করেন।
এ সময় উত্তেজিত জনতা ইউনিয়ন পরিষদে তালা ঝুলিয়ে দেয় এবং চন্দনবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনতাজ আলীর বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ তুলে তার পদত্যাগেরও দাবি জানায়।
অপরদিকে, প্যানেল চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান সহ ১০ জন ইউপি সদস্য ৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে লিখিতভাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে চেয়ারম্যানের অনুপস্থিতি, দুর্নীতি এবং স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন।
-আল মাহমুদ দোলন-