প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৯, ২০২৪, ৫:৫২ অপরাহ্ণ
সাতকানিয়ায় সরকারি রাস্তা দখলের প্রতিবাদে আ’লীগ নেতা ও স্থানীয় মেম্বারের বিরুদ্ধে মানববন্ধন

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিইয়াশে স্বৈরাচারের দোসর, আওয়ামী সন্ত্রাসী আমির হোসেন ও স্থানীয় মেম্বার আব্দুল গফুর মুক্তার বিরুদ্ধে সরকারি তৈরিকৃত রাস্তা জোর পূর্বক দখলের প্রতিবাদ ও এলাকাবাসীর উপর হামলার শাস্তির দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গত ৮ সেপ্টেম্বর রবিবার সকালে কালিইয়াশ ইউনিয়নের ৪নং ওয়ার্ড পূর্ব কাটগর এলাকাবাসীর উদ্যোগে এই মানববন্ধন আয়োজন করা হয়। মানববন্ধনে ভুক্তভোগী ২০ পরিবারের বিভিন্ন বয়সী নারী পুরুষ অংশগ্রহণ করেন।
এলাকাবাসীদের অভিযোগ, দীর্ঘ ২০ বছরের পুরনো ২০-২৫ পরিবারে চলাচলের একমাত্র রাস্তাটি গত বছর রেলওয়ে কর্তৃপক্ষ অধিগ্রহণ করে এলাকাবাসীর চলাচলের সুবিধার্থে নতুন করে তৈরি করে দেন। রেলওয়ে কর্তৃপক্ষ এলাকাবাসীর রাস্তাটির দুই পার্শ্বে অধিগ্রহণকৃত জায়গায় গাছের চারা লাগিয়ে দেয়। যা সরেজমিনে দৃশ্যমান। রেলওয়ে কর্তৃপক্ষ রাস্তাটি তৈরি করে দেওয়ার পর থেকে স্থানীয় আওয়ামী সন্ত্রাসী আমির হোসেন স্থানীয় মেম্বার আব্দুল গফুর (মুক্তা মেম্বার) রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং আওয়ামী সন্ত্রাসীদের দ্বারা হামলা চালিয়ে রাস্তাটি জোর দখলের অপচেষ্টা চালিয়ে আসছে। একটা সময় স্থানীয় আওয়ামীলীগ নেতা ও প্রশাসনকে হাত করে রাস্তাটি জোর দখল করে বন্ধ করে দেয়। গত ৫ই আগস্ট স্বৈরাচার সরকার পতনের পর এলাকাবাসী প্রশাসনের সহযোগিতা নিয়ে নিজ উদ্যোগে রাস্তাটি সংস্কার করেন। এরই জের ধরে আমির হোসেন ও মুক্তা মেম্বার এলাকার বিভিন্ন জনকে রাতের আঁধারে পথ আটকিয়ে হামলা ও ছিনতাই করেন। এছাড়াও তাদের ঘরে হামলা এবং রাস্তাটি জোর দখলের অপচেষ্টা চালাই।
ভুক্তভোগী আব্দুল কইয়ুম (৬০) জানান, আমাদেরকে মেরে ফেলেন, না হয় আমাদের রাস্তা দেন। এই রাস্তা আমাদের অধিকার। এটা সরকারি রাস্তা। রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের সুবিধার জন্য এই রাস্তাটি নতুন করে তৈরি করে দিয়েছে। বারবার আমাদের উপর সন্ত্রাসী হামলা হচ্ছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
অভিযুক্ত আমির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি সাংবাদিকদের সাথে উগ্র মেজাজ প্রদর্শন করেন। রাস্তার জায়গাটি সরকার রেলওয়ের জন্য অধিগ্রহণের কথা স্বীকার করলেও জায়গাটি তার পৈতৃক সম্পত্তি বলে দাবী করেন। এবং অধিগ্রহণকৃত জায়গার টাকা না পাওয়ার দাবী করেন।
-চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধি-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.