হোম » সারাদেশ » পাটগ্রাম সীমান্তে বিজিবির উদ্যোগে রাস্তা নির্মাণ

পাটগ্রাম সীমান্তে বিজিবির উদ্যোগে রাস্তা নির্মাণ

পাটগ্রাম উপজেলার সীমান্ত এলাকায় বিজিবি’র উদ্যোগে ও স্থানীয় ছাত্রজনতার সমন্বয়ে রাস্তা নির্মাণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে বিজিবি সদস্যরা পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধরলা নদীর জোড়া ব্রিজ এলাকা ভেঙে যাওয়া রাস্তা নির্মাণ মেরামত ও সংস্কার করে।
বিজিবি সূত্রে জানা যায়, পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে ধরলা নদীর নিকটবর্তী জোড়া ব্রিজের উভয় পাশের অ্যাপ্রোচ সড়কের মাটি পানির স্রোতের কারণে ধসে যাওয়ায় ওই ব্রিজের পাশের প্রায় ১২০ ফুট দীর্ঘ অংশ ভেঙে রাস্তাটি যাতায়াতের অনুপযোগী হয়ে পড়ে। ফলে সব প্রকারের যানবাহন চলাচলসহ ১০টি পাড়া-মহল্লার প্রায় ১০-১২ হাজার সাধারণ মানুষ ও শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের যাতায়াত এবং জরুরি মুহূর্তে রোগী আনা-নেওয়ার ক্ষেত্রে খুবই অসুবিধার সম্মুখীন হচ্ছিল এলাকাবাসী।
বিষয়টি বিজিবি অবগত হলে স্থানীয় জনসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে রংপুর সেক্টরের নির্দেশনায় ৬১ বিজিবির উদ্যোগে স্থানীয় ছাত্র-জনতার সমন্বয়ে প্রায় ৩৩৫ ফুট প্যালাসাইড, ১৫ হাজার সিএফটি মাটি, ০২টি সাইড ড্রেনসহ আনুষঙ্গিক সড়ক পৃষ্ঠতল নির্মাণ এবং ৫০টির বেশি বৃক্ষরোপণ ও ঘাসের চাপড়া (টার্ফিং) স্থাপনসহ রাস্তা মেরামত ও সংস্কারের কাজ শুরু করা হয়। এ সময়ে বিজিবির বিভিন্ন কর্মকর্তাসহ স্থানীয় ছাত্র-জনতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মিজানুর রহমান-
শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!