
পঞ্চগড়ে কাঁচা চা পাতার ন্যায্যমূল্য নিশ্চিত করাসহ ৮ দফা দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ক্ষুদ্র চা চাষিরা। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর ৩টার দিকে পঞ্চগড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মহাসড়কের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার ৫ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা চা চাষি ও বাগান মালিকরা অংশ নেন।
পঞ্চগড় চা বাগান মালিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে সংগঠনের সাধারণ সম্পাদক মানিক হোসেন, চা চাষি আবুল বাশার বসুনিয়া ও অ্যাডভোকেট আহসান হাবিবসহ ভুক্তভোগী চা চাষিরা বক্তব্য দেন।
মানববন্ধনে চা চাষিরা অভিযোগ করেন, গত কয়েক বছর ধরে কারখানা মালিকরা সিন্ডিকেট করে কম দামে চা পাতা ক্রয় করছেন। বর্তমানে ১০ থেকে ১৫ টাকা দরে চা পাতা কিনে নিচ্ছেন তারা এবং ওজন থেকে ৪০ শতাংশ পর্যন্ত বাদ দিয়ে দেয়া হচ্ছে দাম। এতে চাষিরা ক্রমাগত লোকসানের মুখে পড়ছেন। প্রশাসন ও চা বোর্ড বারবার আশ্বাস দিলেও কোনো সমাধান আসেনি। চা চাষিরা তাদের ৮ দফা দাবিতে চা আইন সংশোধন, চায়ের সর্বনিম্ন দর প্রতি কেজি ৪০ টাকা নির্ধারণ, সরকারিভাবে চা কারখানা স্থাপন, চা আমদানি বন্ধ করে রপ্তানির উদ্যোগ নেওয়া এবং সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।পরে চা চাষিরা তাদের দাবি সংবলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর পাঠান।
আল মাহমুদ দোলন-

আরও পড়ুন
সরকারি সহায়তার নামে কোটি টাকার প্রতারণা: চাঁপাইনবাবগঞ্জে ‘মাসকুরা ট্রেডার্স’ এর বিরুদ্ধে ভুক্তভোগীদের মানববন্ধ
গোপালপুরে বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এর বাবা ইন্তেকাল করেছেন
বগুড়ায় ২ বছরের শিশুকে অপহরণ চেষ্টা, প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে হত্যার চেষ্টা