প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৩৪ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ণ
তেঁতুলিয়া সীমান্তে বিজিবির গুলি বর্ষণ চোরাকারবারিদের বাধা দেওয়ার চেষ্টা

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার রওশনপুর সীমান্ত ফাঁড়ির অধীন ইসলামবাগ এলাকায় সীমান্ত অতিক্রমের সময় চোরাকারবারিদের লক্ষ করে গুলি চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (৩০ আগস্ট) রাত ১১টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। এ নিয়ে তেঁতুলিয়া সীমান্তে চোরাচালানিদের প্রতিরোধে বিজিবির গুলিবর্ষণের ঘটনা আবারও ঘটল।
শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন পঞ্চগড় ১৮ বিজিবির ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে, ভারত থেকে কয়েকজন চোরাকারবারি বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে রওশনপুর সীমান্ত ফাঁড়ির একটি টহলদল সীমান্ত পিলার ৭৩৫/১-এস এবং ২-এস এর মধ্যবর্তী ইসলামবাগ এলাকায় অবস্থান নেয়।
রাত ১১টা ৪০ মিনিটের দিকে কয়েকজন ভারতীয় চোরাকারবারি সীমান্ত অতিক্রম করার চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে এবং সতর্কতা হিসেবে ১ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করে। তবে তাতেও তারা নিবৃত না হলে টহলদল চোরাকারবারিদের লক্ষ্য করে আরও ৩ রাউন্ড গুলি ছোড়ে। এতে চোরাকারবারিরা ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। এ ঘটনায় হতাহতের কোনো তথ্য এখনও পাওয়া যায়নি এবং সীমান্তের পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।
বিজিবির মেজর রিয়াদ মোর্শেদ গণ মানুষের আওয়াজ পত্রিকাকে জানান, সীমান্ত এলাকায় চোরাচালান ও সীমান্ত হত্যাকাণ্ড বন্ধে বিজিবি কঠোর অবস্থান নিয়েছে। এছাড়াও সীমান্ত অতিক্রম বন্ধে জনসচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রমও অব্যাহত রয়েছে। তিনি বলেন, “সীমান্তে যে কোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর।”
এদিকে, ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে এবং সীমান্তবর্তী এলাকায় স্থানীয় জনগণকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে। মেজর রিয়াদ মোর্শেদ আরও বলেন, “সীমান্ত এলাকায় কেউ অবৈধভাবে প্রবেশের চেষ্টা করলে তাকে কঠোরভাবে প্রতিহত করা হবে।”
প্রসঙ্গত, এর আগে গত বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাত দেড়টার দিকে পঞ্চগড়ের মিস্ত্রীপাড়া সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের অবস্থান লক্ষ্য করে ২ রাউন্ড গুলি ছোড়ে বিজিবি। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে চোরাকারবারিদের ফেলে যাওয়া ৯৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
বিজিবি কর্তৃপক্ষও সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে তাদের প্রচেষ্টা চলমান রয়েছে।
-আল মাহমুদ দোলন-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.