
বৈষম্যবিরোধী ছাত্র সমাজ ও সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম নামের একটি সংগঠন পঞ্চগড়ের বিশুদ্ধ পানি বানভাসী মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে। দেশের সবচেয়ে বিশুদ্ধ ও স্বাস্থ্যকর পানির উৎস হিসেবে পঞ্চগড়ের পানি দীর্ঘদিন ধরে প্রশংসিত। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা সম্প্রতি বন্যায় কবলিত হয়ে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকটে রয়েছে। এই পরিস্থিতি মোকাবিলায় পঞ্চগড়ের শিক্ষার্থীরা এগিয়ে এসে বানভাসী মানুষের জন্য ত্রাণ পাঠানোর উদ্যোগ নিয়েছে।
সংগঠনের কর্মীরা গত কয়েকদিন ধরে পঞ্চগড়ের বিভিন্ন গ্রাম থেকে অর্থ, খাদ্য ও অন্যান্য ত্রাণ সংগ্রহ করছেন। এবার সংগঠনটি পঞ্চগড়ের পানি বোতলজাত করে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র সমাজের সমন্বয়ক মোকাদ্দেসুর রহমান সান জানিয়েছেন, পানির শুদ্ধতা যাচাইয়ের জন্য পঞ্চগড় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রায় ২৪ হাজার টিউবওয়েল ও কয়েক’শ রিংওয়েলের পানি পরীক্ষা করেছে। এতে দেখা গেছে, পঞ্চগড়ের পানিতে আর্সেনিকের মাত্রা একেবারেই নেই। প্রতিলিটারে আর্সেনিক ০.০০৩ মিলিগ্রাম, আয়রন ০.৮৫ মিলিগ্রাম, ক্লোরাইড ১৪ মিলিগ্রাম এবং ফেকাল কলিফর্ম শূন্য পাওয়া গেছে। এ কারণে এই বিশুদ্ধ পানি বন্যাকবলিত এলাকায় পাঠানো হচ্ছে।
পানি বোতলজাত করার জন্য বিভিন্ন কোম্পানি খালি বোতল সরবরাহ করেছে। পঞ্চগড় সদর হাসপাতালের নার্সিং ইন্সটিটিউটের মোটর থেকে তোলা পানি বোতলজাত করা হচ্ছে। প্রায় দুই হাজার লিটার পানি পাঠানো হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক আহসান হাবিব জানান, পানি ছাড়াও পেঁয়াজ, আলু, চালসহ প্রায় ৫ লক্ষ টাকার ত্রাণও পাঠানো হচ্ছে। পঞ্চগড়ের শিক্ষার্থীরা শনিবার রাতে এসব ত্রাণ নিয়ে বন্যাকবলিত এলাকায় রওনা দেওয়ার পরিকল্পনা করেছে।
দুঃসময়ে এগিয়ে আসা এই শিক্ষার্থীদের উদ্যোগ মানুষের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।
-আল মাহমুদ দোলন-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২