প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৯, ২০২৪, ৬:৫৪ অপরাহ্ণ
গাইবান্ধায় বিএনপি অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে আওয়ামী লীগের সাবেক এমপিসহ আসামি দুই শতাধিক

গাইবান্ধা জেলা বিএনপির অফিসে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সদর আসনের সাবেক সংসদ সদস্যসহ আওয়ামী লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে সদর থানায় মামলা হয়েছে।
সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়ন যুবদলের আহবায়ক রফিকুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা।
মামলায় সদর আসনের সাবেক সংসদ সদস্য শাহ সারোয়ার কবীর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ জাহাঙ্গীর কবির মিলন, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর জামান রিংকু, শহর আওয়ামীলীগের সভাপতি ওমর ফারুক রুবেল, সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আহসান হাবীব রাজিব, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাহমিদুর রহমান সিজুসহ ৯৮ নেতাকর্মীর নাম উল্লেখ ছাড়া আরও ১৫০ থেকে ১৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান বলেন, “বিএনপির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় একটি মামলা হয়েছে। এখন নিয়ম অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা তদন্ত করবেন এবং সে অনুযায়ী আসামিদের গ্রেপ্তার করবেন।”
-শাহজাহান সিরাজ-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.