প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৯, ২০২৪, ১২:২০ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে একই পরিবারের চারজনের মৃত্যু

হুমায়ুন কবির সুমন, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বর এলাকার পাশে ট্রাক-মাইক্রোবাস এর মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন মাইক্রোবাস চালক।
সোমবার (১৯ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাজশাহী জেলার বাগমারা উপজেলা নরসিংহপুর ডাঙাপাড়ার জসিম উদ্দিন ডুবা (৬৪), তার দ্বিতীয় স্ত্রী নার্গিস খাতুন (৪১), তার বড় ছেলে মোহাম্মদ জামাল উদ্দিন (৪৫), ছোট ছেলে মোঃ কামাল হোসেন (৩২)।
মাইক্রোবাসের নম্বর ঢাকা মেট্রো চ ৫৩ -২৭৪৬। বিষয়টি নিশ্চিত করে সলঙ্গা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক বলেন, হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের হাটিকুমরুল মৎস্য আড়তের সামনে রাত ৩টার দিকে ঢাকা থেকে রাজশাহী গামী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীতগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে।
এসময় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে যায় এবং মাইক্রোবাসে থাকা চারজনের মৃত্যু হয়। এঘটনায় গুরুতর আহত হন মাইক্রোবাসের চালক। পরে সলঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে ও আহত চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.