
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের টেকনাফের এক সহকারী উপ-পরিদর্শক ৭০ হাজার ইয়াবা নগদ ৫০ হাজার টাকাসহ বিজিবি সদস্যদের হাতে গ্রেপ্তার হয়েছেন।
শনিবার (১৭ আগস্ট) রাতে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের রামু-মরিচ্যা বিজিবি চেকপোস্টে বাস তল্লাশি চলাকালে ইয়াবা ও নগদ টাকাসহ তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মো. আমজাদ হোসাইন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের টেকনাফের সহকারী উপ-পরিদর্শক হিসেবে কর্মরত।
রামু ৩০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ জানান, শনিবার রাতে মরিচ্যা বিজিবি যৌথ চেকপোস্টের সদস্যরা টেকনাফ থেকে আসা ইম্পেরিয়াল পরিবহনের একটি বাস তল্লাশির সময় আমজাদকে জিজ্ঞাসাবাদের জন্য বাস থেকে নামানো হয়। জিজ্ঞাসাবাদে তার কথার গরমিল থাকায় তার ব্যাগ তল্লাশি করা হয়।
এসময় ওই ব্যাগে ৭০ হাজার ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। পরে তাকে রোববার (১৮ আগষ্ট) সকালে ইয়াবাসহ রামু থানায় হস্তান্তর করা হয়েছে।
রামু থানার ওসি আবু তাহের দেওয়ান জানান, বিজিবির কাছ থেকে এজাহার পেয়ে মামলা রুজু করা হয়েছে। আমজাদ মূলত টেকনাফ থেকে তার গ্রামের বাড়ি যাচ্ছিলেন।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা জানান, ঘটনাটি অবগত হয়ে উপর মহলকে জানিয়েছি। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।
-মোহাম্মদ খোরশেদ হেলালী-

আরও পড়ুন
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী
বগুড়ার কাহালুতে পুকুরের পানিতে ডুবে ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু
মাদকসংক্রান্ত বিরোধে শ্যালককে রক্ষা করতে গিয়ে দুলাভাই নিহত, আহত ২