প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৪, ২০২৪, ৪:৪০ অপরাহ্ণ
সারাদেশের ন্যায় চন্দনাইশেও সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা পালন করছেন যুব রেড ক্রিসেন্ট, চন্দনাইশ উপজেলা টিম

সারাদেশের ন্যায় চন্দনাইশেও সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে পুলিশের ভূমিকা পালন করছেন যুব রেড ক্রিসেন্ট, চন্দনাইশ উপজেলা টিম। বাংলাদেশের বর্তমান বিশেষ পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রাম জেলা ইউনিটের আওতাধীন চন্দনাইশ উপজেলায় ভিবিন্ন সড়ক- মহাসড়কে ট্রাফিক নিয়ন্ত্রণে সাহায্য করছে যুব রেড ক্রিসেন্ট, চট্টগ্রাম জেলা ইউনিটের চন্দনাইশ উপজেলা দলের সেচ্ছাসেবকবৃন্দ। শেখ হাসিনার পতনের পর থেকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দিনরাত পরিশ্রম করছেন। সকাল থেকে রাত পর্যন্ত রাস্তায় অক্লান্ত পরিশ্রম করছেন তারা।
গত ৫ আগস্ট (সোমবার) শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ট্রাফিক পুলিশসহ সব ইউনিটের পুলিশ সদস্য জীবনের নিরাপত্তার শঙ্কায় কর্মবিরতীতে চলে যান। এরপর থেকে সড়কে শৃঙ্খলার হাল ধরেন শিক্ষার্থীরা। সড়কে স্বেচ্ছাশ্রমে যেন ক্লান্তি নেই কারও। উপজেলার বিভিন্ন সড়ক ঘুরে দেখা যায়, প্রধান সড়কসহ অলিগলিতে কোমলমতি শিক্ষার্থীদের পাশাপাশি যুব রেড ক্রিসেন্ট, চন্দনাইশ উপজেলা টিমের সদস্যরা সড়কের আবর্জনা পরিষ্কার করা ও যানবাহন চলাচল নিয়ন্ত্রণে কাজ করছে। তাদের পাশাপাশি অনেক অভিভাবক, বিভিন্ন শ্রেণি পেশার মানুষ, সেনাবাহিনীর সদস্য, স্কাউট, বিএনসিসি ও ফায়ার সার্ভিসের সদস্যরা এ কাজ করছেন। তারা প্রতিটি রাস্তার মোড়ে দাঁড়িয়ে লেন ভিত্তিক গাড়ি নিয়ন্ত্রণ করছেন। রিকশা, মোটরসাইক-সিএনজি এবং প্রাইভেট কার ও বাসের জন্য আলাদা লেন নির্ধারণ করে চলাচলের সুযোগ করে দিচ্ছেন।
একজন ছাত্র বলেন, আমরা ট্রাফিক পুলিশের কাজ করছি। গাড়ির শৃঙ্খলা ফেরাতে রাস্তায় দায়িত্ব পালন করছি। যতক্ষণ না ট্রাফিক পুলিশ এখানে আসবে, ততক্ষণ আমরা দায়িত্ব পালন করবো। আমরা দুটি গ্রুপে ভাগ হয়ে কাজ করছি। একটি সকালে আরেকটি বিকাল তিনটার পর দায়িত্ব গ্রহণ করবে।
আরেকজন বলেন, প্রথম দিকে ট্রাফিক পুলিশের কাজ করতে বেশ ভালো লেগেছে। এটা খুব কঠিন কাজ। আমাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন। তবে কিছু করার নেই। দেশ আমাদের, দেশকে ভালো ও সুন্দর রাখার দায়িত্বও আমাদের।
-মো.শহীদুল ইসলাম-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.