
দেশের বিশেষ পরিস্থিতে লুটপাট, অগ্নিকান্ড, ভাঙচুর ও সাম্প্রদায়িক হামলা বন্ধের দাবীতে খুলনায় সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ আগস্ট) বেলা ১১টায় মহানগরীর শহীদ হাদিস পার্কের শহীদ বেদীতে বৈষম্য বিরোধী সামাজিক ও সাংস্কৃতিক ঐক্য খুলনার উদ্যোগ এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন নাগরিক নেতা অ্যাডভোকেট কুদরত-ই-খুদা।
এসময় বলা হয়, প্রায় ৩৬ দিন ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন কোন গণ-অভ্যুত্থানে পরিণত হয়ে অবশেষে একদফা দাবীতে এসে শেষ হয়েছে। গতকাল ৫ আগস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগ পত্র দিয়ে দেশ ত্যাগ করেছেন। সেনাপতি জাতের উদ্দেশ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের কথা জানিয়েছিলেন। স্বল্প সময়ের মধ্যে এ সরকারে কারা থাকছেন তাদের নাম জানানো হবে বলে তিনি জানিয়েছিলেন। তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে তারা সেনা শাসিত বা সেনা সমর্থিত সরকার মানবে না। তারা একটি জাতীয় সরকারের প্রস্তাবিত রূপরেখা প্রদানের জন্য ২৪ ঘন্টা সময় নিয়েছিল। তবে দেশের বিশৃঙ্খল পরিস্থিতি বিবেচনায় ইতিমধ্যে তারা প্রধান উপদেষ্টার নাম ঘোষণা করেছে। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সক্রিয় করতে রাষ্ট্রপতির সাহায্য চেয়েছেন।
লিখিত বক্তব্যে বলা হয়, এ সময়টা সবার জন্য খুবই স্পর্শকাতর সময়। এ সময় নানা ধরনের অঘটন ঘটার সম্ভাবনা থাকে। আমরা অত্যন্ত গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের খবর প্রকাশিত হওয়ার পরপরই একদিকে মানুষ বিজয় উল্লাস করতে রাজপথে নেমে এসেছে। অন্যদিকে কিছু সুযোগ সন্ধানী মানুষ বিভিন্ন সরকারি-বেসরকারি ও ব্যক্তিমালিকানাধীন স্থাপনা-দোকানপাট ও বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটাচ্ছে। সংখ্যালঘুদের ধর্মীয় স্থাপনাও আক্রান্ত হচ্ছে, তারা ভয়ের মধ্যে আছেন। এ অবস্থা থেকে দ্রুত বের হয়ে আসা জরুরী। আমরা যদি তা করতে ব্যর্থ হই তবে সমাজে এমনকি অন্যান্য রাষ্ট্রে ভুল বার্তা যাবে। ছাত্র-জনতার আত্মত্যাগ বিতা হয়ে যাবে।
লিখিত বক্তব্যে আরো বলা হয়, জাতি একটি শোকাবহ সময় পার করছে। দাবি আদায় করতে গিয়ে আমাদের সন্তানদের রাজপথে জীবন দিতে হয়েছে। এত রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন দেশটিতে আর যেন কোন অগণতান্ত্রিক ও স্বৈরতন্ত্রের জন্ম না হয় সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। সবার সম্মানিত প্রচেষ্টায় মহান মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক, অসাম্প্রদায়িক, বৈষম্যহীন বাংলাদেশ আমরা নিশ্চয়ই গড়ে তুলতে পারবো। ঠিক আছে আপনাদের বসনিষ্ঠ ভূমিকা আশা করছি। আমরা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সকল সচেতন দেশ প্রেমিক নাগরিকদের এ ব্যাপারে সজাগ থাকার এবং সুযোগ সন্ধানী দুর্বৃত্তদের প্রতিরোধ করার আহ্বান জানাই। সাথে সাথে আপনাদের মাধ্যমে রাষ্ট্রীয় আইনশৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক সহযোগিতা কামনা করি।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন নারী নেত্রী সুতপা বেদজ্ঞ, নাগরিক নেতা অ্যাড বাবুল হাওলাদার। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক সংগঠক মাহফুজুর রহমান মুকুল, নাগরিক নেতা অ্যাড. জাহাঙ্গীর আলম সিদ্দিকী, অজন্তা দাস, সরদার আবু তাহের, আলমাস আরা, মেরীনা যুথি প্রমুখ।
-খুলনা প্রতিনিধি-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক