হোম » সারাদেশ » রাণীশংকৈলে ছাত্র-জনতার অসহযোগ আন্দোলনের সমর্থনে বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ

রাণীশংকৈলে ছাত্র-জনতার অসহযোগ আন্দোলনের সমর্থনে বিক্ষোভ মিছিল সড়ক অবরোধ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শেখ হাসিনার পদত্যাগের ১ দফা দাবীতে ছাত্র-জনতার অসহযোগ আন্দোলনের সমর্থনে বিক্ষোভ মিছিল হয়েছে।

রবিবার পৌর শহরের শিবদিঘী মিনি স্টেডিয়ামে ছাত্র-জনতা জড়ো হয়ে দুপুর তিনটায় একটি বিক্ষোভ মিছিল নিয়ে রানীশংকৈল বন্দর অভিমুখে আসে।

অপরদিকে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ  একটি মিছিল শিবদিঘী অভিমুখে যাওয়ার পথে মুক্তা সিনেমার সামনে দুটি মিছিল একত্রে হয়ে পড়ে। এসময় শহরের সমস্ত দোকানপাট আতংকে বন্ধ করে দেয় ব্যবসায়ীরা।

ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান ফটক প্রদক্ষিণ করে বন্দর চৌরাস্তা ও শিবদিঘী যাত্রী ছাউনি মোড়ে সড়ক অবরোধ করে সড়কে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। এ সময় তারা সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয়।

আন্দোলনকারীরা জানিয়েছেন, শেখ হাসিনা সরকারের পদত্যাগ না হওয়া পর্যন্ত এ আন্দোলন তারা চালিয়ে যাবেন। এদিকে ছাত্র-জনতার বিক্ষোভ মিছিলের কারণে উপজেলা পরিষদ ও থানার প্রধান ফটক বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। অপরদিকে ছাত্র-জনতার মিছিলের সময় রাণীশংকৈল থানা পুলিশের কোন উপস্থিতি লক্ষ্য করা যায়নি।

-মোঃ সবুজ ইসলাম-

শেয়ার করুন আপনার পছন্দের সোশ্যাল মিডিয়ায়
error: Content is protected !!