প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৩:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১, ২০২৪, ১১:১৭ পূর্বাহ্ণ
বগুড়ায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

বগুড়ায় ‘মার্চ ফর জাস্টিস’ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। পরে পুলিশি বাধায় তারা আদালত চত্বরে যেতে না পারলেও শহরের জলেশ্বরীতলা এলাকায় বিক্ষোভ করেন। বুধবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তারা সড়কে অবস্থান করেন। এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শহরের জলেশ্বরীতলা কালিবাড়ি মোড়ে সমবেত হতে শুরু করেন শিক্ষার্থীরা।
সেখান থেকে তারা মিছিল নিয়ে আদালত চত্বরের দিকে রওয়ানা দেন। আলতাফুন্নেছা খেলার মাঠের রাস্তার মুখে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে মিছিলটি আটকে দেন। পরে সেখানে বসে পড়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। আধাঘণ্টা সেখানে অবস্থানের পর খেলার মাঠের রাস্তা ধরে তারা আবারও জলেশ্বরীতলা শহীদ আব্দুল জব্বার সড়কে গিয়ে অবস্থান নেন। পরে সেখান থেকে মিছিল নিয়ে জেলখানা মোড়ে যায়। সেখানে বিক্ষোভ সমাবেশ করে দুপুর দেড়টায় কর্মসূচি শেষ করেন।
সমাবেশ চলাকালে গণগ্রেপ্তার ও মামলার প্রতিবাদ জানিয়ে শিক্ষার্থীরা বলেন, অবিলম্বে গ্রেফতার ছাত্রদের মুক্তি দিতে। ছাত্রদের নামে কর মামলা প্রত্যাহার করতে হবে। সেইসঙ্গে হত্যা ও হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।
বগুড়ার পুলিশ পরিদর্শক শাহীনুজ্জামান শাহীন বলেন, শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের কর্মসূচি পালন করে ফিরে গেছেন। কর্মসূচি চলাকালে শহরের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
-এম এ রাশেদ-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.