
পঞ্চগড়ের বোদা উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা আল মামুন অর- রশিদের বিরুদ্ধে পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির সাড়ে ১৮ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠেছে।
অভিযোগের প্রাথমিক সত্যতাও পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্ত সাবেক এই কৃষি কর্মকর্তা বর্তমান পঞ্চগড় হর্টিকালচার সেন্টারে সিনিয়র হর্টিকালচারিষ্ট হিসেবে কর্মরত আছেন।
গত ১০ জুলাই বোদা উপজেলা কৃষি অফিসে অভিযান চালায় দুদকের একটি এনফোর্সমেন্ট টিম।
বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক তাহাসিন মুনাবিল হক।
দুদক জানান, বোদা উপজেলার সাবেক কৃষি কর্মকর্তা আল মামুন অর- রশিদ কৃষি পুনর্বাসন ও প্রণোদনা কর্মসূচির জন্য বরাদ্দকৃত ১৮ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা ব্যক্তিগত ব্যাংক অ্যাকাউন্টে গ্রহণপূর্বক আত্মসাৎ করেছেন, এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। দুদক টিম ওই দপ্তর এবং সংশ্লিষ্ট ব্যাংক হতে রেকর্ডপত্র সংগ্রহ করে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে।
এ বিষয়ে মুঠোফোনে একাধিকবার কল করলেও রিসিভ করেননি, অভিযুক্ত আল মামুন অর-রশিদ। নাম প্রকাশে অনিচ্ছুক একজন কৃষি কর্মকর্তা জানান, মামুন সাহেব কোথায় কি খরচ করেছে তা সম্পূর্ণ ডকুমেন্ট আছে তিনি তা দেখাতে পারবেন। তবে ব্যক্তিগত একাউন্টে টাকা নিতে পারবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভূল ওটাই হয়েছে।
পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিন বলেন, যতটুকুন শুনেছি ২০২১ সালের দিকে বোদা উপজেলা কৃষি অফিসের এক কর্মচারি কর্মকর্তার সঙ্গে অসদাচরণ করায় তাকে বদলি করা হয়। ওই কর্মচারিই নাকি সংক্ষুব্ধ হয়ে দুদকে অভিযোগ করেছে। তবে অভিযোগের সত্যতা মিললে দুদক অবশ্যই ব্যবস্থা নিবেন। দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক তাহাসিন মুনাবিল হক বলেন, সংগ্রহকৃত রেকর্ডপত্র পর্যালোচনাপূর্বক পূর্ণাঙ্গ প্রতিবেদন পরবর্তীতে কমিশন বরাবর দাখিল করা হবে।
-পঞ্চগড় প্রতিনিধি-

আরও পড়ুন
শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষ্যে সাকিব রাইয়্যানের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল