
কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের আঘাতে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও দুই রোহিঙ্গা। রোববার (৭ জুলাই) সন্ধ্যায় টেকনাফের হ্নীলা ইউনিয়নের জালিয়ার দ্বীপ পয়েন্টের নাফ নদীতে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ জোবায়ের (১৮) টেকনাফের লেদা রোহিঙ্গা শিবিরের মোহাম্মদ হামিদের ছেলে। আহতরা হলেন- লেদা ২৪ নম্বর ক্যাম্পের কামাল হোসেনের ছেলে মোহাম্মদ জাবের ও ২৭ নম্বর ক্যাম্পের মোহাম্মদ শুক্কুর। তারা পেশায় কাঁকড়া শিকারি। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোহিঙ্গাদের দাবি, মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি এ হামলা করেছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গণি বলেন, নাফ নদীর জালিয়ার দ্বীপের আশপাশে কাঁকড়া শিকার করছিলেন তিনজন। এ সময় মিয়ানমার থেকে ছোড়া বোমার আঘাতে তিনজনই গুরুতর আহত হন। হাসপাতালে আনার সময় মোহাম্মদ জুবায়ের মারা যান। কারা হামলা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। একই সঙ্গে তারা বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় হামলার শিকার হয়েছেন কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আশিকুর রহমান বলেন, নিহত জুবাইরের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। গুরুতর আহত জাবেরকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
-মোহাম্মদ খোরশেদ হেলালী-

আরও পড়ুন
কাউখালীতে মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার
আলফাডাঙ্গায় প্রবাসীর বাড়িতে হামলা ও লুটপাট, ভিডিও ফুটেজ ভাইরাল
ক্ষেতলালে পুলিশের সাঁড়াশি অভিযান: ৩১ পিস ট্যাপেনটাডলসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার