
নাটোর শহরের শিশির হত্যা মামলার অভিযুক্ত হাসানুর রহমান হাসু (৩৪) কে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। ২৪ জুন রাত আটটার দিকে শহরের হেমাঙ্গিনী ব্রিজের উপরে এই ঘটনা ঘটে। আহত হাসানুর রহমান হাসু পৌরসভার ০৫ নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এবং কান্দিভিটা এলাকার জনৈক আলমের ছেলে।
আহত হাসুর পারিবারিক সূত্রে জানা যায় ,পূর্ব শত্রুতার জের ধরে আজ রাত আটটার দিকে শহরের হেমাঙ্গিনী ব্রিজের উপরে হাসুকে একা পেয়ে কুপিয়ে আহত করে কান্দিভিটা পশ্চিমপাড়া এলাকার মানিকের ছেলে রাব্বি (২৫) ও বাবলুর ছেলে আলামিন (২৮) সহ অজ্ঞাত ০৪/০৫ জন। পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরবর্তীতে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, গত ১৬ এপ্রিল হাসানুর রহমান হাসুর সাথে পৌর কাউন্সিলর রোকোনুজ্জামান হিরোর সংঘর্ষ বাধে । সংঘর্ষে নাটোর পৌরসভার অভ্যন্তরে শিহাব হোসেন শিশির নামক এক যুবলীগ কর্মী নিহত হয়। উক্ত ঘটনার জের ধরে অদ্য এ হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করছে আহত হাসুর পরিবার।
-মোস্তাফিজুর রহমান-

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক