
মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ঠাকুরগাঁও-এর জেলা কমান্ড্যান্ট মোঃ মিনহাজ আরেফিন ২০২৩-২০২৪ অর্থ বছরের জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্ত হয়েছেন। রংপুর রেঞ্জের একমাত্র জেলা কমান্ড্যান্ট তিনিই এ সম্মাননায় ভূষিত হয়েছেন। এছাড়াও ঠাকুরগাঁও জেলার আরো ০২ জন কর্মকর্তা এ সম্মাননা পেয়েছেন।
এ কর্মকর্তা রংপুর রেঞ্জ পর্যায়ে একমাত্র জেলা কমান্ড্যান্ট হিসেবে জাতীয় শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তিতে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন- শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তিতে আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। এ পুরস্কার ভবিষ্যতে আমাকে শুদ্ধাচার চর্চায় আরো বেশি কর্মতৎপর হতে অনুপ্রাণিত করবে। এ জেলায় আনসারের আরও দু’জন কর্মকর্তা শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন।
আমি মনে করি এ অর্জন ঠাকুরগাঁও আনসার ও ভিডিপি’র সকল পর্যায়ের সদস্যদের নিজ নিজ দায়িত্ব পালনে উজ্জীবিত করবে।
তিনি জেলা আনসার কার্যালয়ের সার্কেল এ্যাডজুট্যান্ট সেলিনা পারভিন এবং জেলার বালিয়াডাঙ্গি উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা সাহারা বানু’র শুদ্ধাচার পুরস্কার পেয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
আরেফিন ২০১৬ সালে ৩৪ তম বিসিএস (আনসার) ক্যাডারে উত্তীর্ণ হয়ে সহকারী পরিচালক পদে এ বাহিনীর সদর দপ্তরে প্রথম কর্মজীবন শুরু করেন।
পরবর্তীতে দিনাজপুরে সহকারী জেলা কমান্ড্যান্ট হিসেবে, ২৩ আনসার ব্যাটালিয়ন, দীঘিনালা, খাগড়াছড়িতে ব্যাটালিয়নে উপ-অধিনায়ক ও অধিনায়ক (চলতি দায়িত্ব) হিসেবে দায়িত্ব পালন করেন।
পদোন্নতি প্রাপ্ত হয়ে জেলা কমান্ড্যান্ট হিসেবে জয়পুরহাটে এবং সর্বশেষ গত ৩১-০৭-২০২২ তারিখে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, ঠাকুরগাঁও দপ্তরে জেলা কমান্ড্যান্ট হিসেবে যোগদান করেন।
এ জেলায় যোগদান পরবর্তীতে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতাভুক্ত শুদ্ধাচার কর্মকৌশল পরিকল্পনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করেছেন। জেলায় বাহিনীর সকল পদবীর সদস্যদের শৃঙ্খলা সমুন্নত রাখা, তাদের কল্যাণ নিশ্চিত করন, অফিস ব্যবস্থাপনা ও কর্মস্থলের যথাযথ পরিবেশ বজায় রাখতে অগ্রনী ভূমিকা পালন করেন।
তার দায়িত্বকালীন জেলা কার্যালয়ের পাশাপাশি উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়সমূহের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম সম্পন্ন হয়েছে। এছাড়াও ঠাকুরগাঁওয়ে হরিপুর উপজেলার একজন গৃহহীন ভিডিপি সদস্যর গৃহ নির্মাণের কাজ চলমান রয়েছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর ও রেঞ্জ দপ্তর কর্তৃক প্রদত্ত নির্দেশনা মোতাবেক এ কর্মকর্তার সার্বিক তত্ত্ববধানে এ অর্থবছরে দুর্গা পূজা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সম্প্রতি ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রের নিরাপত্তা দায়িত্বসহ বিভিন্ন নিরাপত্তা দায়িত্বে ঠাকুরগাঁও জেলার প্রায় ১৫,০০০ হাজার জন আনসার ও ভিডিপি সদস্য-সদস্যা অত্যন্ত সু-শৃঙ্খল ও পেশাদারিত্বে সাথে দায়িত্ব পালন করেছেন।

আরও পড়ুন
বগুড়া মহাস্থান মাজারের ১৫ দানবাক্সে মিলল সাড়ে ৩৪ লাখ টাকা, গণনায় লেগেছে প্রায় দুই দিন
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার
নওগাঁয় সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় যুবক আটক