
এইচ এম রুহুল কাদের,চকরিয়া: বাংলাদেশ আ.লীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করলো চকরিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগ। রবিবার (২৩ জুন দুপুর ২টায়) সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক জেসমিন হক জেসি চৌধুরীর বাসভবনে একঝাঁক মহিলাদের নিয়ে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।এতে উপজেলার বিভিন্ন স্তরের নেত্রীরা উপস্থিত ছিলেন।
দুপুর আড়াইটায় উপজেলা পরিষদস্থ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে অর্ধশত মহিলা আওয়ামী লীগের কর্মী নিয়ে কক্সবাজার জেলা মহিলা আওয়ামী লীগের আলোচনা সভায় যোগদান করেন।
এসময় জেসি চৌধুরী বলেন, গত সাড়ে সাত দশক ধরে আ.লীগের পথচলা ছিল গৌরবোজ্জ্বল। দীর্ঘ এ পথচলায় সংগঠন বাঙালি জাতির অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে সকল প্রতিবন্ধকতা জয় করে সফলতার মুকুটে সংযুক্ত করেছে একের পর এক পালক। পৃথিবীর খুব কম সংগঠন আছে যারা ধারাবাহিক সাফল্য নিয়ে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার সৌভাগ্য অর্জন করেছে। গৌরব, সাফল্য ও অর্জনের সঙ্গে আওয়ামী লীগ তার প্রতিষ্ঠার রজতজয়ন্তী ও সুবর্ণজয়ন্তী পালনের বিরল সৌভাগ্যের অধিকারী। আজ ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশবাসী ও চকরিয়া উপজেলার সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।