প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৮:২৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২৪, ৯:৫৫ পূর্বাহ্ণ
জামালপুরে ওয়ার্ড ছাত্রলীগের কমিটি নিয়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা

জামালপুর পৌর এলাকার ৮ নং ওয়ার্ড ছাত্রলীগের নতুন কমিটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে তৃণমূলের ছাত্রলীগ নেতারা। সোমবার ওয়ার্ড ছাত্রলীগের বার্ষিক সম্মেলনের পর মঙ্গলবার সন্ধ্যায় কমিটির সভাপতি ও সম্পাদকের নাম প্রকাশ হওয়ার সাথে সাথে ক্ষোভ ছড়িয়ে পড়ে তাদের মাঝে।
এসময় বিক্ষোভ মিছিল করে ওই ওয়ার্ডের বিক্ষুব্ধ ছাত্রলীগ নেতাকর্মীরা। মিছিলটি জামালপুর রেলওয়ে স্টেশনের পার্কিং এরিয়া হতে বের হয়ে স্টেশন এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে গেটপার এলাকায় এসে শেষ হয় ।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, কোন কিছু বিবেচনা না করে শুধুমাত্র স্বজনপ্রীতির মাধ্যমে ছাত্রত্ব ও আওয়ামী পরিবারের সদস্যদের প্রাধান্য না দিয়ে মনগড়া কমিটি করা হয়েছে। এসময় পৌর ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে দোষারোপ করেন তারা।
বক্তারা আরও অভিযোগ করে বলেন, ওয়ার্ড ছাত্রলীগের কমিটিতে যাদের অন্তর্ভুক্ত করা হয়েছে তারা মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ের সাথে জড়িত। শুধু তাই নয়, তাদের পরিবার আওয়ামী বিরোধী রাজনীতির সাথে জড়িত।
এসময় নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক কে ডোপ টেস্ট করার দাবি জানান তারা।
এ বিষয়ে শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মুনতাসীর রহমান সাদাফ বলেন, যারা সাংগঠনিক ছেলে তারাই কমিটিতে স্থান পেয়েছে। যারা বিক্ষোভ করছে ছাত্রলীগে তাদের কোন অস্তিত্ব নেই।
শহর ছাত্রলীগের সভাপতি ফাহিম মোস্তাফিজ এলিট বলেন, সকলের বায়োডাটা যাচাই বাছাই করে কমিটি করা হয়েছে। যদি কারও নামে কোন অভিযোগ প্রমানিত হয় তাহলে তার ব্যপারে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
-রবিউল হাসান লায়ন-
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.