
শাহজাহান সাজু, কিশোরগঞ্জ: ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয় দফায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে ৪৩ হাজার ৮৫৬ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন মঈনুজ্জামান অপু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়ন মো. আলী আকবর দোয়াত-কলম প্রতীক নিয়ে পেয়েছেন ১৮ হাজার ৬৫২ ভোট। ভাইস চেয়ারম্যান পদে বদরুল আলম নাঈম এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাথী বেগম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২১ মে) দিবাগত রাতে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা রুবেল মাহমুদ এ ফলাফল ঘোষণা করেন। একই দিনে অনুষ্ঠিত নিকলী উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক নিয়ে ৩৬ হাজার ১৮ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন মোকারিম সর্দার। নিকটতম প্রতিদ্বন্দ্বী আহসান মো. রুহুল কুদ্দুস ভূঞা জনি মোটরসাইকেল প্রতীক নিয়ে ৩১ হাজার ৫৭ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান পদে মো. তাহের আলী এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আরা বিউটি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। অষ্টগ্রাম উপজেলায় ঘোড়া প্রতীক নিয়ে এএফ মাশুক নাজিম ৪২ হাজার ৫৫১ ভোট পেয়ে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন শহীদুল ইসলাম জেমস। তিনি কাপ-পিরিচ প্রতীকে ১৮ হাজার ৭০৬ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আল আমিন সরকার এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোছা. শেলী আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন
টাঙ্গাইলে এলজিইডির নির্বাহী প্রকৌশলীর প্রশ্নবিদ্ধ পদায়ন উঠেছে, স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া
আত্রাইয়ে দুই ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক গৃহবধূর পা বিচ্ছিন্ন
আড়ানী ডিগ্রি কলেজে ৩১টি নতুন ডেস্কটপ কম্পিউটার প্রদান