প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ১১:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২৪, ৯:৫০ অপরাহ্ণ
সোনাইমুড়ীতে ৬ নির্বাচন কর্মকর্তা আটক, ২ জনের কারাদণ্ড

মোহাম্মদ হানিফ সোনাইমুড়ী নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা পরিষদ নির্বাচনে জালভোট দেওয়ায় দায়ে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জালভোটে সহযোগিতা করার অভিযোগে দুই সহকারী প্রিসাইডিং অফিসার ও চার পোলিং অফিসারকে আটক করে থানা হাজতে পাঠানো হয়েছে। নিয়মিত মামলা দিয়ে তাঁদের আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলার দেওটি ইউনিয়নের নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ডিগ্রি কলেজ কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করে এ আদেশ দেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন। দণ্ডপ্রাপ্ত হাবিব উল্লাহ সোনাইমুড়ী উপজেলার দেওটি ইউনিয়নের মৃত নজিবুল হকের ছেলে।
আটক সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসাররা হলেন– নান্দিয়াপাড়া বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ডিগ্রি কলেজ কেন্দ্রের দুই সহকারী প্রিসাইডিং অফিসার মো. তাজুল ইসলাম, মো. কামাল উদ্দিন এবং পোলিং অফিসার মো. সোলাইমান সেলিম, কোহিনুর আক্তার, মহিনুল ইসলাম ও সাবিনা ইয়াসমিন।
অভিযান পরিচালনাকারী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইনের সহকারী মো. হারুন বলেন, ‘এক যুবককে অর্থদণ্ড এবং ৬ জন সহকারী প্রিসাইডিং অফিসার ও পোলিং অফিসারকে নিয়মিত মামলার জন্য সোনাইমুড়ী থানায় পাঠানো হয়েছে।’
বিষয়টি নিশ্চিত করে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বখতিয়ার উদ্দিন বলেন, ‘দুই সহকারী প্রিসাইডিং অফিসার ও চার পোলিং অফিসারকে থানায় আনা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। নিয়মিত মামলা দিয়ে তাদের আদালতে সোপর্দ করা হবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.