প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৬:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ মে ১৮, ২০২৪, ৬:৫৪ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে আম কুড়াতে গিয়ে মাটি চাপায় গৃহবধূর মৃত্যু

জেএম. মমিন, বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার বোরহানউদ্দিনে পুকুর পাড়ে আম কুড়াতে গিয়ে পাড় ভেঙে মাটির নিচে চাপা পড়ে জান্নাত বেগম (২৬) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ মে) সকাল ৬টার দিকে উপজেলার সাঁচড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রামকেশব গ্রামের খুন্না বাড়ীতে এ ঘটনা ঘটে। সে ওই বাড়ীর জালাল আহমেদ খুন্নার মেয়ে ও পার্শ্ববর্তী সাচড়া ৩ নম্বর ওয়ার্ডের রুবেল মালের স্ত্রী।
নিহতের চাচাতো ভাই মোঃ জামাল জানায়, গত দুইদিন আগে জান্নাত পাশের গ্রামের স্বামীর বাড়ী থেকে বাবার বাড়ীতে বেড়াতে আসেন। ঘটনার দিন ভোরে ঘুম থেকে উঠে ঘরের পাশে পুকুর পাড়ে আম গাছের নিচে যায় এবং পুকুরের পানিতে আম পড়ে থাকতে দেখে উঠানোর চেষ্টা করেন। এসময় গাছের শিকড় সহ মাটি ভেঙ্গে মাটির নিচে চাপা পড়ে পানিতে তলিয়ে যায়। চিৎকার শুনে পরিবারের সদস্যরা এসে মাটির নিচ থেকে তাকে উদ্ধার করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
বোরহানউদ্দিন থানার ওসি মোঃ শাহীন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.