প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৪:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৭, ২০২৪, ৫:৫০ অপরাহ্ণ
কিশোরগঞ্জে দেবরের ধারালো অস্ত্রের আঘাতে ভাবি নিহত

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের সদর উপজেলার মোল্লাপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দেবরের হাতে ভাবি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ মে) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত অনুফা আক্তার (৪৮) একই এলাকার খাইরুল ইসলামের স্ত্রী। খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ২০ বছর ধরে মৃত আব্দুল জব্বারের ছেলে বড় ভাই খাইরুল ইসলামের সঙ্গে তার ছোট ভাই জহিরুল ইসলাম ও দ্বীন ইসলামের বিরোধ চলে আসছে। বৃহস্পতিবার সকাল থেকে খাইরুল ইসলামের চলাচলের রাস্তা বন্ধ করে দেয় অভিযুক্তরা। সন্ধ্যায় বিদ্যুৎ চলে যাওয়ার পর খাইরুল ইসলামের পরিবারের সদস্যরা বন্ধ থাকা রাস্তা খুলে বাড়ি থেকে বের হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে খাইরুল ইসলামের ছেলে রাকিব মিয়া ও অনুফা আক্তারের ওপর হামলা চালায়। এ সময় তাদেরকে কুপিয়ে জখম করা হয়। পরে গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় অনুফা আক্তারের অবস্থার অবনিত হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, নিহত অনুফা আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.