
মোঃ শরিফ উদ্দিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুর জেলার সদর উপজেলার পাকুড়িয়া ইউনিয়নে ১৪ মে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই ইউনিয়নের ২২৯টি অস্বচ্ছল পরিবারের বাড়িতে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন ও বিতরণের উদ্বোধন করা হয়েছে।
পাকুড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হায়দার আলীর সভাপতিত্বে পাকুড়িয়া গণই মমিনাকান্দা গ্রামের মোঃ নুর ইসলামের বাড়িতে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন ও বিতরণের শুভ উদ্বোধন করেন শেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ ছামিউল হক।
শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে প্রত্যেক ইউনিয়নে ২২৯টি অস্বচ্ছল পরিবারের মধ্যে ৩৫ হাজার টাকা প্রাক্কলিত ব্যায়ে এসব স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন ও বিতরণের মাধ্যমে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ওই প্রকল্প বাস্তবায়ন করা হবে। এরমধ্যে পাকুড়িয়া ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ২৭টি গ্রামের অস্বচ্ছল পরিবার বাছাই করে তাদের বাড়িতে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন করা হবে।
নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ ছামিউল হকের সাথে কথা হলে তিনি বলেন, শেরপুর জেলার সদর উপজেলা, শ্রীবরদী উপজেলা ও নালিতাবাড়ী উপজেলার প্রতিটি ইউনিয়নের মধ্যে ২২৯টি করে স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন করা হচ্ছে এবং এতে ওইসব ল্যাট্রিনের মধ্যে থাকছে ১০টি করে রিং স্লাব তার মধ্যে ৪টি পানি শোষণ ছিদ্রযুক্ত রিং স্লাব, পাইপ, পাকা করা প্যান বসানো, ওয়াটার ট্যাংকি এবং টিন দিয়ে বেড়া লাগানো।