প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ৩:১২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১৩, ২০২৪, ৯:৫৩ পূর্বাহ্ণ
নওগাঁয় ডিভাইসের মাধ্যমে বিক্রি করতো পর্নোগ্রাফি, আটক ৭

নওগাঁ প্রতিনিধি: র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা নওগাঁর পত্নীতলা থেকে পর্ণগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়ের অভিযোগে মূলহোতাসহ ৭ ব্যবসায়ীকে আটক করেছে। রবিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৫।
এর আগে শনিবার রাতে উপজেলার বটতলী বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার বদলপুর গ্রামের বিরেন চন্দ্র মন্ডলের ছেলে কৃষ্ণ বাবু (২৮), একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো. মোকছেদুল মমিন (২৫), বন্দীনাথের ছেলে মনষা (২৮), মধইল গ্রামের ছয়ফুল ইসলামের ছেলে মো. করিম (২৩), গুটিন গ্রামের আব্দুল গাফফারের ছেলে মো. আল আমিন (২২), একই গ্রামের জয়রাম উরাওয়ের ছেলে অনুকুল (২৮), মানাষী গ্রামের সাইদুল ইসলামের ছেলে মো. ফরিদুল ইসলাম (২২)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আটককৃতরা পত্নীতলার বটতলী বাজার এলাকায় তাদের দোকানের নিজস্ব কম্পিউটারের হার্ডডিস্কে অশ্লীল সিনেমা ও ভিডিও ক্লিপ আপলোড ব্যবসার পাশাপাশি পর্নোগ্রাফি সংরক্ষণ করে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে স্থানীয় কিশোর ও স্কুল পডুয়া শিক্ষার্থীদের কাছে সরবরাহ করতো। আর এই কাজগুলো চলতো পর্ণগ্রাফি সংরক্ষণ, সরবরাহ ও বিক্রয় চক্রের মূলহোতা কৃষ্ণের নেতৃত্বে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি তদন্ত শুরু করে সত্যতা পাওয়া যায়। এরপর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাদের নিজ দোকানে অভিযান চালিয়ে ওই সকল পর্নো ব্যবসায়ীদেরকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃতদেন যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জেলার পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
পত্নীতলা থানায় অফিসার ইনচার্জ ( ওসি) মোজাফফর হোসেন বলেন, রবিবার দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.