
মোহাম্মদ খোরশেদ হেলালী, কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের পেকুয়া উপজেলায় বজ্রপাতে দুই লবণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২ মে) ভোরে পেকুয়া উপজেলার মগনামা ও রাজাখালী ইউনিয়ন সংলগ্ন লবন মাঠে বজ্রপাতের সময় এই মৃত্যুর ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস।
বজ্রপাতে নিহতরা হলেন, উপজেলার মগনামা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কোদাইল্যাদিয়া এলাকার জমির উদ্দিনের পুত্র দিদারুল ইসলাম (৩০) ও রাজাখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ছরিপাড়া এলাকার জামাল উদ্দিনের পুত্র মোঃ আরফাত (১২)।
স্থানীয় সূত্র জানিয়েছেন, আজ ভোর রাত থেকে বৃষ্টি শুরু হলে ওই দুই শ্রমিক ভোরে লবণ তুলতে মাঠে ছুটে যায়। এ সময় আকাশে ঘন ঘন বজ্রপাত হচ্ছিল। সকালে বৃষ্টি আর বজ্রপাতের এক পর্যায়ে লবন মাঠে এই দুই শ্রমিকের মৃত্যু হয়। স্থানীয়রা দুই জনকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষনা করেন।
পেকুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজিবুর রহমান জানান, সকালে রাজাখালী ও মগনামা এলাকায় দুই লবন শ্রমিকের নিথর দেহ হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। বজ্রপাতের আঘাতে তাদের মৃত্যু হয়।
পেকুয়া থানার ওসি মোহাম্মদ ইলিয়াস জানান, সকালে বজ্রপাতের ঘটনায় মাঠে কাজ করা অবস্থায় দুই লবণ চাষি নিহত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
ধুনটে ১০ পিস ইয়াবাসহ এক ব্যক্তি গ্রেপ্তার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা
রাতেও বন্যার্ত মানুষের পাশে এমপি আব্দুস সাত্তার
কর্মসংস্থানের শর্তে মুচলেকা: সোনারগাঁয়ে মাদক ব্যবসা ছাড়লেন আরও এক ব্যবসায়ী