প্রিন্ট এর তারিখঃ জুন ৫, ২০২৬, ১২:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ মে ১, ২০২৪, ৬:১৫ অপরাহ্ণ
আলফাডাঙ্গায় ফ্রেন্ডস ফিলিংস ক্লাবের উদ্যোগে শরবত বিতরণ

আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের আলফাডাঙ্গায় তীব্র তাপদাহে তৃষ্ণার্থ পথচারীদের স্বস্তি দিতে বিনামূল্যে লেবু ও আখের গুড় মিশ্রিত শরবত বিতরণ করেছেন ফ্রেন্ডস ফিলিংস ক্লাব নামে একটি সামাজিক সংগঠন।
বুধবার (১ মে) দিনব্যাপী উপজেলার বানা বাজারে সংগঠনটির সদস্যরা এ শরবত বিতরণ করেন।
বানা বাজারের কয়েকজন অটোভ্যান চালক জানান, কর্মের জন্য বাহিরে আসতেই হয়। এই প্রচন্ড গরমে আমাদের ভ্যান চালাতে খুব সমস্যা হচ্ছে। শরীরে ঘাম ঝরে গলা শুকিয়ে যায়। বানা বাজারে এসে ফ্রেন্ডস ফিলিংস ক্লাবের উদ্যোগে এই ঠান্ডা শরবত পান করতে পেরে আমাদের খুব শান্তি লাগলো।
রাতুল আহমেদ নামে এক ব্যক্তি জানান, 'বাজারে বাজার করতে এসে ছিলাম। গরমে খুব তৃষ্ণা লাগছিলো। এই ঠান্ডা লেবু ও আখের শরবত খেয়ে শরীরে স্বস্তি ফিরে এলো।'
ফ্রেন্ডস ফিলিংস ক্লাবের সাধারণ সম্পাদক হাসান শেখ বলেন, 'আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মতিয়ার রহমানের সার্বিক সহযোগিতায় প্রতিষ্ঠালগ্নের শুরু থেকেই আমরা বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পালন করে আসছি। সারাদেশে যে তাপপ্রবাহ চলছে এতে জনজীবন অনেকটা বিপর্যস্ত। তাই আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে এই উদ্যোগ নিয়েছি। যেন এই শীতল শরবত খেয়ে জনগণ স্বস্তি অনুভব করেন।'
উল্লেখ্য, ২০০৬ সালে ফ্রেন্ডস ফিলিংস ক্লাব যাত্রা শুরু করে। প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পালন করে আসছে। সংগঠনটির সভাপতির দায়িত্বে রয়েছেন আশরাফ হোসেন, সহ-সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক মো. হাসান শেখ ও যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.