প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ২:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৪, ৫:২৩ অপরাহ্ণ
সাঘাটায় সেফটি ট্যাংক থেকে এসএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার : গ্রেফতার ১

শাহজাহান সিরাজ: গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের পাঁচবাটি গ্রামে রিফাত হোসেনের বাড়ির পেছনে সেফটি ট্যাংক থেকে শনিবার সকালে জাকারিয়া আলম সম্রাট (১৭) নামে একজনকে উদ্ধার করা হয়েছে।
সে মুক্তিনগর ইউনিয়নের শ্যামপুর গ্রামের আফজাল হোসেনের ছেলে এবং বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।
এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, সাঘাটা উপজেলার শ্যামপুর গ্রামের জাকারিয়া আলম সম্রাট লেখাপড়া করা অবস্থায় বোনারপাড়া ইউনিয়নের পাঁচবাটি গ্রামের মিলন মিয়ার ছেলে রিফাত হোসেন (১৯) সহ অজ্ঞাত নামা আরো কয়েকজনের সাথে বন্ধুত্ব গড়ে ওঠে। সেই সুবাদে সম্রাট ওই বাড়িতে আসা যাওয়া করতো।
গত ১৭ এপ্রিল রাত ৯ টার দিকে সকল বন্ধুরা সম্রাটকে ক্যামেরা বিক্রয়ের টাকা দেয়ার জন্য বন্ধু রিফাত মোবাইল ফোনে সম্রাটকে ডেকে পাঁচবাটি গ্রামে নিয়ে আসে। পরে তাকে বেদম মারপিটে হত্যা করে সেফটি ট্যাংকের ভেতরে রেখে দেয়। এদিকে সম্রাটের বাবা অনেক খোঁজাখুঁজির পর ছেলের সন্ধান না পেয়ে ১৯ এপ্রিল শুক্রবার সাঘাটা থানায় সাধারণ ডায়েরি করে। পরে পুলিশ অভিযান চালিয়ে রিফাতের বাড়ির পেছনে সেফটি ট্যাংক থেকে শনিবার সম্রাটের লাশ উদ্ধার করে। লাশ ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
এব্যাপারে সাঘাটা থানা অফিসার ইনচার্জ মমতাজুল হক জানান, সম্রাটের বাবা নিখোঁজের একটি সাধারণ ডায়রি করায় অভিযান চালিয়ে সেফটি ট্যাংক থেকে সম্রাটের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার সাথে জড়িত মূল আসামি রিফাতকে গ্রেফতার করা হয়। প্রাথমিকভাবে জানা গেছে, ক্যামেরা ভাড়া টাকা নিয়ে দ্বন্দ্ব। বিষয়টি তদন্ত সাপেক্ষে আসল ঘটনা জানা যাবে।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.