প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৫:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৮, ২০২৪, ১:৪৮ অপরাহ্ণ
টঙ্গীবাজারে অগ্নিকান্ডে পুড়ল ১০ দোকান ও গুদাম

টঙ্গী প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীবাজারে আড়ৎপট্টিতে গতকাল বুধবার রাত সাড়ে ১১ টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে মসলার, চাল ও আলু-পেঁয়াজ বিক্রির ১০টি দোকান ও গুদাম পুড়ে গেছে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে টঙ্গী বাজার আড়ৎপট্টি এলাকায় হঠাৎ ধোঁয়ার কুণ্ডলী দেখতে পান তাঁরা। পরে ওই এলাকার লোকজন আগুন নেভাতে চেষ্টা করেন। দ্রুত আগুন পার্শ্ববর্তী দোকান ও গুদামে ছড়িয়ে পড়ে। পরে টঙ্গী ফায়ার সার্ভিসে খবর পাঠানো হয়। খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ও উত্তরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের আপৎকালীন কর্মীরা ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।
টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর জান্নাতুল নাঈম বলেন, আগুন লাগার খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের তিনটি ও উত্তরা ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে দশটি গুদাম পুড়ে গেছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এখন ডাম্পিংয়ের কাজ চলছে।
পুড়ে যাওয়া রূপসী বাংলা চালের আড়তের মালিক মো. ফারুক হোসেন জানান, আগুনে মুহূর্তে আমার সব শেষ হয়ে গেছে। এ কথা বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.