
জহুরুল ইসলাম, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ঈদুল ফিতরকে সামনে রেখে কেনাকাটায় ব্যস্ত নারী-পুরুষ, শিশু-কিশোররা। সকাল থেকে প্রায় মধ্যরাত পর্যন্ত দোকানপাটগুলোতে ক্রেতাদের ভীড়। বিশেষ করে ইফতারের পর দোকানগুলোতে ভিড় লেগে যায়। ক্রেতাদের এমন ভিড় দেখে খুশি বিক্রেতারা। গত দুই বছর ভালো ব্যবসা না হলেও এবার ভালো ব্যবসার আশা করছেন দোকানিরা।
তাড়াশ পৌর বাজারে গিয়ে দেখা যায়, কাপড় ও তৈরি পোশাকের দোকানগুলোতে এখন ক্রেতাদের উপচে পড়া ভিড়। কেনাকাটায় পুরুষদের চেয়ে নারীদের উপস্থিতি বেশি। বাড়তি সাজসজ্জা ও নানা অফার দিয়ে ক্রেতাদের আকর্ষণে চেষ্টা করে যাচ্ছেন ব্যবসায়ীরা। বাজারে নতুন কালেকশনের মধ্যে মেয়েদের পোশাকই বেশি। বেশি বিক্রি হচ্ছে শাড়ি, থ্রি-পিস, সালোয়ার-কামিজ, লেহেঙ্গা, ছিট কাপড় ও বাচ্চাদের আইটেম। আর ছেলেদের গ্যাবার্ডিন প্যান্ট, হাফশার্ট, ফতুয়া ও পাঞ্জাবি বেশি বিক্রি হচ্ছে।
তাড়াশ পৌর বাজারে আসা ক্রেতারা বলছেন, আয়ের সঙ্গে সঙ্গতি রেখে তাদের কেনাকাটা করতে হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এমনিতেই পকেটের খারাপ অবস্থা। কিন্তু ছোট ছেলেমেয়ে ও পরিবারের জন্য যতটুকু না করলেই নয়, সেটুকুই করছি।
এদিকে পোশাকের দাম অনেকটাই বেশি বলে অভিযোগ ক্রেতাদের। তবে ব্যবসায়ীরা বলছেন, মোকাম ঢাকাতেই দাম কিছুটা বেশি, তাই আমাদেরও কিছুটা দাম বাড়াতে হয়েছে। যেহেতু কেনা দিয়েই বেচা।
তাড়াশ পৌর বাজারে গামের্ন্ট ব্যবসায়ী জিল্লুর রহমান জানান, আমার দোকানে ছোট-বড়, সব বয়সের মানুষের জন্য ভাল মানের পোষাক রয়েছে। দাম নাগালের মধ্যে। এবছর আগে থেকে বেচা বিক্রি হচ্ছে।