প্রিন্ট এর তারিখঃ জুন ৪, ২০২৬, ৭:৪৮ পি.এম || প্রকাশের তারিখঃ মার্চ ১৬, ২০২৪, ১:৪৭ অপরাহ্ণ
“হোসেনপুর পুর উপজেলা আওয়ামী লীগ” সম্মেলনের দুই বছরেও হয়নি পূর্ণাঙ্গ কমিটি

শাহজাহান সাজু, কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন দেড়যুগ পর অনুষ্ঠিত হয়েছিল। বিগত ২০২২ সালের ২৬ মে হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে সম্মেলনের প্রথম অধিবেশন বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হওয়ার পর আসাদুজ্জামান খান অডিটোরিয়ামে সভাপতি সাধারণ সম্পাদক নির্বাচিত করার লক্ষ্যে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। সভাপতি এবং সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় ব্যালটের মাধ্যমে কাউন্সিলরদের ভোটগ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়।
কাউন্সিলরদের সরাসরি ভোটে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নুর মিয়া এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন এম এ হালিম।সভাপতি পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী হন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ মাহবুবুল হক, সভাপতি পদে তৃতীয় স্থান অধিকার করেন হোসেনপুর পৌরসভার মেয়র আব্দুল কাইয়ুম খোকন। সাধারণ সম্পাদক পদে নিকটতম প্রতিদ্বন্দ্বী হন হোসেনপুর সরকারি কলেজের সাবেক ভিপি রাইসুল হাসান কেনেডি, তৃতীয় স্থান অধিকার করেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফ হোসেন কবির।
সংক্ষিপ্ত সময়ের মধ্যে হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি ঘোষনা করেছিলেন। সম্মেলনের প্রায় দুই বছর পেরিয়ে গেলেও হচ্ছে না উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি। এই প্রেক্ষাপটে রাষ্ট্রীয় কিংবা দলীয় বিভিন্ন কর্মসূচিতে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা আলাদা আলাদা ভাবে পালন করে আসছে।
উপজেলা আওয়ামী লীগের সাবেক একাধিক নেতৃবৃন্দের সূত্রে জানা যায়, সুদীর্ঘ আঠারো বছর পর ২০২২ সালের ২৬ মে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। কাউন্সিলরদের সরাসরি ভোটে সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। দলীয় গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলন হওয়ার পর সংক্ষিপ্ত সময়ের মধ্যে উপজেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি গঠনের কথা থাকলে অদৃশ্য কারণে ২২ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত পুর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি।
হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের বর্তমান কমিটি বলতেই দুই সদস্য বিশিষ্ট সভাপতি ও সাধারণ সম্পাদক। এ বিষয়ে হোসেনপুর উপজেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহিরুল ইসলাম নূরু মিয়া বলেন, আগামী উপজেলা পরিষদ নির্বাচনের আগে কমিটি করার প্রস্তুতি রয়েছে। তিনি আরও জানান, কোন কারণে যদি উপজেলা পরিষদ নির্বাচনের আগে কমিটি করা সম্ভব না হয় সে ক্ষেত্রে উপজেলা পরিষদ নির্বাচনের পরপরই পূর্ণাঙ্গ কমিটি করা হবে। কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট জিল্লুর রহমান জানান, কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন প্রায় দুই বছর আগে কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হয়েছিল।
উপজেলা আওয়ামী লীগের নির্বাচিত সভাপতি-সাধারণ সম্পাদকদের দ্রুত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার কথা ছিল। কোন কারনে তারা করতে পারেনি। এখন যত দ্রুত সম্ভব পূর্ণাঙ্গ কমিটি করার জন্য তাদেরকে ইতিমধ্যেই বলা হয়েছে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
Copyright © 2026 GonoManusherAwaj.com-দৈনিক গণমানুষের আওয়াজ. All rights reserved.